তৃণমূল নেতা পিস্তলসহ গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের বর্ধমানের তৃণমূল নেতা নরেন চক্রবর্তীকে চেন্নাই যাওয়ার সময় বেআইনিভাবে বহন করা পিস্তল এবং কার্টুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে বীরভূম জেলার নানুরে তৃণমূল কংগ্রেসের নেতা স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে ৮০টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে বীরভূম জেলার নানুরে তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ৮০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। আজ সোমবার সকালে বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
ব্যাগে পিস্তল এবং কার্টুজ বহনের দায়ে বর্ধমানের এক তৃণমূল নেতা নরেন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। এই তৃণমূল নেতা বিমানে করে চেন্নাই যেত চেয়েছিলেন। বিমানবন্দরে ব্যাগ স্ক্যান করার সময় নিরাপত্তাকর্মীরা ওই অবৈধ অস্ত্রের সন্ধান পেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। নরেন চক্রবর্তী বর্ধমান জেলা পরিষদের কৃষি বিভাগের কর্মাধ্যক্ষ। পুলিশ এখন খতিয়ে দেখছে কেন তিনি বেআইনি অস্ত্র নিয়ে বিমানে উঠতে চেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। আজ নরেন চক্রবর্তীকে ব্যারাকপুর মহকুমা বিচার বিভাগীয় আদালতে তোলা হবে।