তৃণমূল নেতা মদন মিত্রের বাড়িতে সিবিআই
নারদ ঘুষ কেলেঙ্কারি মামলার অন্যতম অভিযুক্ত ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক মন্ত্রী মদন মিত্রের বাড়িতে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআইয়ের সদস্যরা আজ হাজির হন। আজ বৃহস্পতিবার সকালে এ মামলার তদন্তে তাঁরা মদন মিত্রের বাড়িতে যান।
মদন মিত্র তাঁর বাসভবনে বসে কীভাবে ঘুষের অর্থ গ্রহণ করেছিলেন, তা দেখতে চার সিবিআই কর্মকর্তা এই বাসভবনে আসেন। বাড়ির বিভিন্ন স্থানের ছবি তোলেন। যদিও যে কক্ষে বসে মদন মিত্র ঘুষ নিয়েছিলেন, সেই কক্ষের সাবেক রং পরিবর্তন করে নতুন রং করা হয়েছে। তবুও সিবিআই কর্মকর্তারা এই বাসভবনটি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় ছবি তোলেন। এ সময় মদন মিত্র বাসভবনেই ছিলেন। তিনি সিবিআইকে সহযোগিতাও করেন।
গত বছর পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ১৪ মার্চ দিল্লির নারদা নিউজ পোর্টাল স্টিং অপারেশনের একটি ঘুষ গ্রহণের ভিডিও ফাঁস করে জানিয়ে দেয় তৃণমূলের ১২ নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়ক এবং একজন পুলিশ কর্মকর্তা নারদা নিউজ পোর্টালের কর্মকর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে বিভিন্ন পরিমাণের অর্থ গ্রহণ করেছিলেন। এই তালিকায় ছিল তৎকালীন মন্ত্রী মদন মিত্রের নাম। এ অভিযোগের জেরে সিবিআই মদন মিত্রকে গ্রেপ্তার করে। এখন মদন মিত্র জামিনে মুক্ত থাকলেও তাঁর বিরুদ্ধে রয়েছে নারদ ঘুষ কেলেঙ্কারি মামলা।
এই স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে দেখ গেছে, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, মন্ত্রীদের ঘরে ঘরে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে টাকা। এই স্টিং অপারেশনে যাঁদের বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগ ওঠে, এর মধ্যে আছেন সাবেক রেলমন্ত্রী মুকুল রায়, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদ তৃণমূল সাংসদ প্রমুখ।