তৃণমূল সরকার উপড়ে ফেলার হুমকি অমিত শাহর

পশ্চিমবঙ্গের বিজেপিকে ‘গণতন্ত্র বাঁচাও রথযাত্রা’ করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গ সরকার। তবে এবার ‘গণতন্ত্র বাঁচাও’ সভা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছে বিজেপি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মালদহে এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলার হুমকি দিয়েছেন বিজেপির সর্বভারতীয সভাপতি অমিত শাহ।
ব্রিগেডে বিরোধীদের মহাসমাবেশ নিয়ে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু ব্রিগেডের মঞ্চে উপস্থিত ছিলেন ২৩ জন, যাঁর মধ্যে ৯ জনই প্রধানমন্ত্রী হতে চান। প্রধানমন্ত্রী হওয়ার লাইন পড়ে গেছে।’
ব্রিগেডের মহাসমাবেশ থেকে বিরোধী শিবিরের হেভিওয়েট নেতারা ‘মোদি হটাও’ স্লোগান তুলে গণতন্ত্র এবং দেশ রক্ষার্থে পরিবর্তনের ডাক দিয়েছেন। আর এই পরিবর্তনকেই মালদহের মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে অমিত শাহ বলেছেন, গুজরাট থেকে আসাম, বাংলা থেকে কন্যাকুমারি, সর্বত্রই মোদি ধ্বনি শুনতে পাবে। তৃণমূল কংগ্রেস সরকারকে ফেলে দিলে এখানে সিন্ডিকেট ট্যাক্স দিতে হবে না। গত বছর মেদিনীপুরের কলেজিয়েট মাঠে এই সিন্ডিকেট রাজ নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
হুঁশিয়ারি দিয়ে বিজেপি সভাপতি বলেছেন, দেশজুড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, অথচ বিরোধী নেতারা খুন হয়েছেন পশ্চিমবঙ্গে। তবে বিজেপি ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেওয়া জন্য তৈরি।
বিজেপি সভাপতি অমিতের মন্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, ‘আর বেশি দিন নেই ওদের। তাই ওরা মরিয়া হয়ে উঠেছে।’