তৃণমূলকে চ্যালেঞ্জ মুকুল রায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুকুল রায়। ছবি: ফেসবুক পেজ থেকে নেয়া
মুকুল রায়। ছবি: ফেসবুক পেজ থেকে নেয়া

তৃণমূল কংগ্রেসের এককালের দ্বিতীয় শক্তিধর নেতা ও মমতার সাবেক ছায়াসঙ্গী মুকুল রায় এবার তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়লেন। তিনি তাঁর সাবেক দলের উদ্দেশে বলেছেন, রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের সব আসনে তিনি প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখেন। তাঁর সঙ্গে রয়েছে প্রচুর মানুষ। 

গত ২৫ সেপ্টেম্বর তৃণমূল ছাড়েন মুকুল। তবে তিনি এখনো ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য পদ (সাংসদ) ছাড়েননি। এই পদ ছাড়ার জন্য গত শুক্রবার রাতে তিনি রাজধানী দিল্লিতে গেছেন। সেখানে তিনি রাজ্যসভার চেয়ারপারসন ও ভারতের উপরাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডুর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন। মুকুল রায় চাইছেন, তিনি নাইডুর সঙ্গে দেখা করেই তাঁর হাতেই ইস্তফাপত্র তুলে দেবেন। মুকুল রায়ের আশা, সামনের সপ্তাহের প্রথম দিকেই তিনি পদত্যাগ করছেন রাজ্যসভার সদস্যপদ থেকে।
আজ মুকুল রায় এ কথাও জোরের সঙ্গে বলেছেন, তৃণমূল কংগ্রেসের তৃণমূল পর্যায়ের কর্মীরা তাঁর সঙ্গেই আছেন এবং থাকবেন। কারণ, তিনি নিজেই তাঁর সব শ্রম দিয়ে তৃণমূল পর্যায় থেকে তৃণমূল কংগ্রেসকে তিলে তিলে গড়েছেন।
আগামী বছর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা।
মুকুল রায় বলেছেন, তাঁর কাছে থাকা চারটি ফোনই অবিরত বাজছে। মানুষ তাঁর সঙ্গে কথা বলছেন। তবে তিনি এ কথাও বলেন, রাজ্য সরকার তাঁর সব কটি ফোনই ট্যাপ করছে। তবুও তিনি বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাননি। বলেছেন, তৃণমূল ছাড়ি তারপর দেখব।
মুকুল রায় এদিন ফের বলেছেন, ‘আমি বিজেপিকে সাম্প্রদায়িক দল মনে করি না। বিজেপি সাম্প্রদায়িক দল হলে তো মমতা বিজেপিতে ঝুঁকতেন না। তিনি তো বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। বাজপেয়ির মন্ত্রিসভায় তৃণমূলের হাতে রেলমন্ত্রক ছিল। অজিত পাঁজা মন্ত্রী ছিলেন।
দিল্লিতে গিয়ে মুকুল রায় কথা বলেছেন কংগ্রেস রাজ্য সভাপতি অধীর চৌধুরীর সঙ্গেও। কথা বলেছেন, সিপিএম থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। তবে তাঁরা মুকুল রায়ের সঙ্গী হবেন কি না, তা স্পষ্ট হয়নি। অধীর চৌধুরী এই মুহূর্তে কংগ্রেস ছাড়ছেন না বলেই রাজনৈতিক মহলের খবর। তবে একটি সূত্র থেকে বলা হয়েছে, ঋতব্রত বিজেপির সঙ্গে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এদিকে আজ কলকাতার গণমাধ্যমে বলা হয়েছে, প্রায় ১০ হাজার কর্মী নিয়ে তৃণমূল ছেড়েছেন উত্তর পরগনার তৃণমূল কংগ্রেস নেতা পার্থ সারথি পাত্র। তিনি ছিলেন মুকুল রায়ের ছায়াসঙ্গী।