তৃণমূলকে সহায়তার কথা স্বীকার করলেন সারদা কর্ণধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে সহায়তা করার কথা স্বীকার করেছেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন। সারদা অর্থ কেলেঙ্কারি মামলার তদন্তকালে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইর জেরার মুখে তিনি বিষয়টি স্বীকার করেন।

সারদার কর্ণধার বলেন, ২০১১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জেতাতে দলটি নিয়ন্ত্রিত এক টিভি চ্যানেলের মাধ্যমে ‘পরিবর্তনের শপথ’ নামে প্রচারিত ভিডিওর সম্পূর্ণ আর্থিক সহায়তা করেছিলেন তিনি।

সেই ভিডিওটি এখন সিবিআইর হাতে। তবে নির্বাচন কমিশনের আপত্তির কারণে সে সময় প্রচারের কাজে ভিডিওটি ব্যবহার করা যায়নি। ওই ভিডিওচিত্রটি ধারণ করা হয়েছিল কলকাতার নিক্কো পার্কের পাশে নলবনে।
পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর এতে জড়িত থাকার অভিযোগ ওঠে তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে। কিন্তু তৃণমূল অভিযোগগুলো অস্বীকার করে চলছিল। এখন সিবিআইয়ের তদন্তের কারণে দলটির জড়িত থাকার তথ্য বেরিয়ে আসছে। এ নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস।

গত বছরের এপ্রিল মাসে সারদার হাজার হাজার কোটি টাকার অর্থ কেলেঙ্কারির কথা ফাঁস হয়। এরপর সারদার কর্ণধার কলকাতা থেকে পালিয়ে যান। এপ্রিলের শেষ দিকে সারদার কর্ণধার সুদীপ্ত সেন আরও দুজন কর্মকর্তাসহ জম্মু কাশ্মীরের একটি হোটেল থেকে গ্রেপ্তার হন। সেই থেকে তিনি কারাগারে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এখন মামলাটির তদন্ত করছে।