তৃণমূলের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) এবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে ২০১০ থেকে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে। এই হিসাব আজ মঙ্গলবারের মধ্যে সিবিআই দপ্তরে পৌঁছাতে বলেছে।

সিবিআইয়ের এই নোটিশ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের কাছেও পৌঁছানো হয়েছে। যদিও এখন আর তৃণমূলের সাধারণ সম্পাদক পদে নেই মুকুল রায়। তিনি এখন দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, তৃণমূলের বর্তমান সাধারণ সম্পাদকই এই হিসাব দেবেন। তিনি আর এখন ওই পদে নেই।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ থেকে মুকুল রায়কে সরিয়ে সেখানে বসিয়েছেন সুব্রত বক্সীকে।

সিবিআই তাদের চিঠিতে বলেছে, আজ মঙ্গলবারের মধ্যে তৃণমূল কংগ্রেসের ২০১০ সাল থেকে ২০১৪ সালের সার্বিক আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। এর মধ্যে রয়েছে সদস্য বাবদ কত টাকা চাঁদা পাওয়া গেছে, অনুদান হিসেবে দল কত টাকা পেয়েছে, সারদাসহ বিভিন্ন চিটফান্ড কত টাকা দিয়েছে, নির্বাচন তহবিলে কত টাকা পাওয়া গেছে এবং ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সারদার কত টাকা পেয়েছিল তৃণমূল, দলীয় মুখপত্র জাগো বাংলা থেকে কত টাকা আয় হয়েছে এবং মমতার ছবি বিক্রি করে কত টাকা পাওয়া গেছে ইত্যাদি।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন, তাঁর আঁকা ছবি বিক্রি এবং লেখা বই থেকে পাওয়া রয়্যালটি দিয়ে দল চালাবেন তিনি। অভিযোগ রয়েছে, মমতার আঁকা একটি ছবি সারদার কর্ণধার সুদীপ্ত সেন ১ কোটি ৮৬ লাখ রুপি দিয়ে কিনেছিলেন।

সিবিআইয়ের চিঠিতে অবশ্য আয়ের সঙ্গে ব্যয়ের হিসাবও চাওয়া হয়েছে। গতকাল সোমবার সিবিআইয়ের দিল্লি অফিস থেকেও তৃণমূল কার্যালয়ে চিঠি পাঠানোর কথা স্বীকার করা হয়েছে।