তৃণমূলের উচিত হবে বিজেপির সঙ্গে মিশে যাওয়া: কংগ্রেস নেতা
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনে একটিতেও জিততে পারেনি কংগ্রেস। উল্টো পাঞ্জাবের ক্ষমতাও হারাতে হয়েছে। কংগ্রেসের এই ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের নেতারা কংগ্রেসকে তাঁদের দলে মিশে যাওয়ার আহ্বান জানিয়ে নানা রকমের সমালোচনা শুরু করেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতারা বলছেন, কংগ্রেস ধর্মনিরপেক্ষতার আদর্শ লালন করে। কংগ্রেসের নয়, তৃণমূলের উচিত বিজেপির সঙ্গে মিশে যাওয়া।
কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সাংসদ অধীর চৌধুরী ক্ষুব্ধ হয়ে বলেন, কংগ্রেস সর্বভারতীয় ১৩৭ বছরের পুরোনো একটি রাজনৈতিক দল। আজও কংগ্রেস ধর্মনিরপেক্ষতার আদর্শ লালন করে চলেছে। প্রতিটি আন্দোলনে শরিক হয়েছে। কংগ্রেসকে দুর্বল করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে তৃণমূল। তৃণমূল গোয়ায় গিয়েছিল কংগ্রেসকে দুর্বল করার জন্য। সফল হয়নি। পায়নি একটি আসনও। কংগ্রেস তো পেয়েছে ১১টি আসন। তাই এখনই উপযুক্ত সময় তৃণমূলের উচিত হবে বিজেপির সঙ্গে মিশে যাওয়া। কারণ, আগেও এই তৃণমূল ঘর করেছে বিজেপির সঙ্গে, যোগ দিয়েছে কেন্দ্রীয় সরকারেও।
এর আগে কংগ্রেসের ব্যাপক পরাজয়ের পর নিজেরা একটি আসন না পেলেও তৃণমূল নেতা ও কলকাতার মেয়র ফলাফল ঘোষণার পর কংগ্রেসকে উদ্দেশ্য করে বলেন, কংগ্রেসের এখনই উপযুক্ত সময় তৃণমূলের সঙ্গে মিশে যাওয়ার।
কংগ্রেস বলছে, মমতার লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্তিশালী করা। পাঁচ রাজ্যের ফলাফলে দেখা যায়, নির্বাচনে চার রাজ্যে বিজেপি জয়ী হলেও কংগ্রেসের পাঁচ রাজ্যেই ব্যাপক পরাজয় ঘটেছে। এই পাঁচ রাজ্যের মধ্যে পাঞ্জাব এবং মণিপুরে ক্ষমতায় ছিল কংগ্রেস। আর অন্য তিন রাজ্যে বিজেপি। কিন্তু ফলাফলে দেখা যায়, পাঞ্জাব ও মণিপুরেও ব্যাপক পরাজয় হয়েছে কংগ্রেসের। তবে এই পাঁচ রাজ্যের মধ্যে গোয়া এবং মণিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেও একটি আসনেও জয়ী হতে পারেনি তৃণমূল কংগ্রেস। মণিপুরে জিতেছে বিজেপি আর পাঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি (আপ)।
পশ্চিমবঙ্গের শীর্ষ তৃণমূল নেতা, মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ফল ঘোষণার দিন দুপুরে কংগ্রেসকে অবিলম্বে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার আহ্বান জানান। ফিরহাদ হাকিম বলেন, ‘এখন বিলুপ্তির পথে কংগ্রেস। কংগ্রেস দেশ থেকে শেষ হয়ে যাচ্ছে। তাই এটাই এখন সঠিক সময় কংগ্রেস মিশে যাক তৃণমূলের সঙ্গে। এতে আমরা গান্ধীবাদকে নিয়ে গডসেবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে পারব। গান্ধীবাদ এবং সমাজবাদ নিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি।’
ফিরহাদ হাকিম আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোদিকে পরাস্ত করে দেশে মোদিবিরোধী সরকার গঠন করা। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে আমাদের আগামীর স্লোগান হবে, “মোদি হটাও দেশ বাঁচাও”।’
কংগ্রেস বিরোধী দলের জায়গাও হারিয়েছে উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেন, ‘কংগ্রেস আর এখন দেশে মূল বিরোধী শক্তির জায়গায় নেই। কংগ্রেস নিজের সরকার ধরে রাখতে পারছে না। তৃণমূল যেভাবে বিজেপির চোখে চোখ রেখে লড়াই করতে পারে, তা পারছে না কংগ্রেস। তাই যাঁরা কংগ্রেস করেন, তাঁরা কংগ্রেস ঘরানার দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে একজোট হোন।’
ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পর কংগ্রেস নেতারা বলেন, ‘বরং তৃণমূলের এটাই উপযুক্ত সময় বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার। কারণ, তৃণমূল থেকে অচিরেই দলে দলে নেতাদের বিজেপিতে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটবে। কংগ্রেস কর্মীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। লোকসভা নির্বাচনের এখনো দুই বছর বাকি। কিন্তু কংগ্রেস একটি অসাম্প্রদায়িক দল হিসেবে আজ ১৩৭ বছর ধরে যেভাবে লড়াই করে যাচ্ছে, সেই লড়াই থেকে পিছপা হবে না। গোয়া বিধানসভা নির্বাচনে মমতার জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বা এমজিপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১৮০ ডিগ্রি ঘুরে সরকার গড়তে বিজেপিকে সমর্থন করারও ইঙ্গিত দিয়েছে।’
এ প্রসঙ্গে কলকাতার রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, তাঁর মনে হয় বরং তৃণমূলকে কংগ্রেসের সঙ্গে মিশে কংগ্রেসকে শক্তিশালী করা উচিত। কংগ্রেস সর্বভারতীয় দল। দেশজুড়ে তাদের ইমেজ রয়েছে। তিনি আরও বলেন, এতে মমতা বন্দ্যোপাধ্যায় সংযুক্ত কংগ্রেসের প্রধান মুখ হয়ে দলকে আরও শক্তিশালী করতে পারেন।