তৃণমূলের কাছে আয় ব্যয়ের হিসাব চাইল সিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে ২০১০ থেকে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে। গতকাল মঙ্গলবারের মধ্যেই তা সিবিআই দপ্তরে পৌঁছাতে বলা হয়েছে। সিবিআইয়ের এই নোটিশ দলের সাবেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের কাছেও পৌঁছানো হয়েছে।
দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুকুল রায় সাধারণ সম্পাদক পদে নেই। তিনি বলেছেন, তৃণমূলের বর্তমান সাধারণ সম্পাদকই এই হিসাব দেবেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদ থেকে মুকুল রায়কে সরিয়ে সেখানে বসিয়েছেন সুব্রত বক্সীকে।
সিবিআই তাদের নোটিসে বলেছে, তৃণমূল কংগ্রেসকে ২০১০ থেকে ২০১৪ সময়কালে সদস্যদের চাঁদা বাবদ কত টাকা এবং অনুদান হিসাবে কত টাকা পাওয়া গেছে জানাতে হবে। জানাতে হবে সারদাসহ বিভিন্ন চিট ফান্ড, নির্বাচনী তহবিল, দলীয় মুখপত্র জাগো বাংলা এবং মমতার আঁকা ছবি বিক্রি করে পাওয়া অর্থের হিসাবও। চিঠিতে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাবও চাওয়া হয়েছে।
সোমবার সিবিআইয়ের দিল্লি অফিস থেকেও তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে চিঠি পাঠানোর কথা স্বীকার করা হয়।