তৃণমূলের কাছে ফের হিসাব চাইল সিবিআই
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) ফের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে ২০১০ থেকে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে। দলের নতুন সাধারণ সম্পাদক সাংসদ সুব্রত বকশীর কাছে সিবিআই এই হিসাব চেয়েছে।
গত মাসে সিবিআই দলের সাবেক সাধারণ সম্পাদক মুকুল রায়ের কাছে হিসাব চাইলে তিনি জানিয়ে দেন, তিনি আর এখন ওই পদে নেই; সুতরাং দলই এই হিসাব দেবে। এরপর সিবিআই সিদ্ধান্ত নিয়ে গতকাল শুক্রবার দলের নতুন সম্পাদক সুব্রত বকশীর কাছে ফোন করলেও তাতে তারা সাড়া পায়নি। আজ শনিবার সিবিআই সূত্র থেকে বলা হয়েছে, আগামী সোমবার এই হিসাব চেয়ে দলীয় কার্যালয়ে নোটিশ পাঠাতে পারে তারা।
গত মাসে দলের কাছে হিসাব চেয়ে সিবিআই তাদের চিঠিতে ১০ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেছিল। তাতে বলা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের ২০১০ সাল থেকে ২০১৪ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। এর মধ্যে রয়েছে সদস্য বাবদ কত টাকা চাঁদা পাওয়া গেছে; অনুদান হিসাবে দল কত টাকা পেয়েছে; সারদাসহ বিভিন্ন চিটফান্ড কত টাকা দিয়েছে; নির্বাচন তহবিলে কত টাকা পাওয়া গেছে; ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সারদার কত টাকা পেয়েছিল তৃণমূল; দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’ থেকে কত টাকা আয় হয়েছে এবং মমতার ছবি ও বই বিক্রি করে কত টাকা পাওয়া গিয়েছিল-ইত্যাদি।
যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন, তাঁর আঁকা ছবি বিক্রি এবং লেখা বই থেকে প্রাপ্ত রয়্যালটি দিয়ে দল চালাবেন তিনি।
অভিযোগ রয়েছে, মমতার আঁকা একটি ছবি সারদার কর্ণধার সুদীপ্ত সেন ১ কোটি ৮৬ লাখ রুপি দিয়ে কিনেছিলেন।
তৃণমূল কংগ্রেসের কাছে হিসাব চাওয়ার ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল সিপিএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, মমতার নিজের উচিত সিবিআইর কাছে দলের হিসাব দেওয়া। পাশাপাশি তিনি এ কথাও বলেছেন, গত বিধানসভা নির্বাচনের সময় প্রতি প্রার্থীকে যে ১৫ লাখ করে টাকা দল দিয়েছিল, সেই টাকার উৎসও সিবিআইকে জানানো হোক।
কংগ্রেসের প্রবীণ নেতা আবদুল মান্নান আজ বলেছেন, মমতা গরিবের যে টাকা লুট করেছেন, তিনি এবার সেই হিসাব দিন সিবিআইয়ের কাছে।
আর সাবেক দলীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেছেন, দলের হিসাব এখনো দলের কাছেই আছে। তিনি আর এখন দলের সাধারণ সম্পাদক নন। দলের আয়-ব্যয়ের হিসাব দলই দেবে। যদিও মুকুল রায়কে ফের তলব করেছে সিবিআই।