তৃণমূলের ‘খেলা হবে দিবসের’ জবাবে বিজেপির ‘বাংলা বাঁচাও দিবস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ।
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে আগামী ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ পালন করতে যাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। বিজেপি সরকারকে ভারতের ক্ষমতা থেকে সরানোর জন্য এই ‘খেলা’ বলে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসে নেই বিজেপিও। একই দিনে তারা ‘বাংলা বাঁচাও দিবস’ পালন করবে। তৃণমূলের ‘অত্যাচারের কাহিনি’ তুলে ধরতে তাদের এই দিবসের আয়োজন বলে দাবি করা হয়েছে।

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল শনিবার ‘বাংলা বাঁচাও দিবস’ পালনের ঘোষণা দেন। এর আগে গত বুধবার এক ভার্চ্যুয়াল সভায় যোগ দিয়ে ‘খেলা হবে দিবস’ পালনের কথা জানান মমতা। চলতি বছরে রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান স্লোগান ছিল ‘খেলা হবে’। ওই নির্বাচনে বিপুল ভোটে জয় পায় দলটি।

বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর পর এবার আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন চান মমতা। বুধবার তিনি বলেন, ‘রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম খেলা হয়েছিল। সেই খেলায় আমরা জিতেছি। এই রাজ্য থেকে বিজেপিকে হটিয়েছি। এবার সামনের ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘিরে দেশজুড়ে আবার খেলা হবে। সেই খেলা হবে দিল্লির শাসনক্ষমতা থেকে মোদিকে হটানোর খেলা। বিজেপিকে হটানোর খেলা।’

তৃণমূল নেত্রী আরও বলেন, ‘যত দিন পর্যন্ত না মোদিকে দেশ থেকে হটানো যায়, তত দিন পর্যন্ত এই খেলা চলবে দেশজুড়ে, রাজ্যজুড়ে। আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে পালন করব সেই খেলা হবে দিবস। ওই দিন আমরা রাজ্যের বিভিন্ন ক্লাবের হাতে তুলে দেব এক লাখ ফুটবল।’

মমতার এমন ঘোষণার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, তাঁরা ১৬ আগস্ট ‘বাংলা বাঁচাও দিবস’ হিসেবে পালন করবেন। সেদিন বিভিন্ন সভা–সমাবেশে শাসক দলের অত্যাচার আর নির্যাতনের কাহিনি তুলে ধরা হবে। অত্যাচারের হাত থেকে বাংলাকে রক্ষার দাবিও করা হবে বলে জানান তিনি।

ইতিহাসের পাতায় ১৬ আগস্ট পরিচিত হয়ে আছে ‘গ্রেট কলকাতা কিলিং দিবস’ হিসেবে। এ ছাড়া ১৯৮০ সালের এই দিনেই কলকাতায় মোহনবাগান-ইস্টবেঙ্গল ফুটবল খেলা ঘিরে সংঘর্ষে ১৬ জন মারা যান। তৃণমূল কেন ১৬ আগস্টকেই খেলা হবে দিবস পালনের জন্য বেছে নিল, এমন প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত। তবে মমতা বলেছেন, ফুটবল খেলা কেন্দ্র করে মৃত্যুর ঘটনার স্মৃতি স্মরণে রাখতেই দিনটিকে বেছে নেওয়া হয়েছে দিবসটি পালনের জন্য।