তৃণমূলের চিন্তা বাড়িয়ে অমিত শাহ কলকাতায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আজ শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। কাল শনিবার দুপুরে তিনি পশ্চিম মেদিনীপুরের বেলিজুড়ি গ্রামের এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন। তারপর মেদিনীপুরের কলেজ ময়দানে আয়োজিত এক  জনসভায় যোগ দেবেন ।

কলকাতার বিভিন্ন গণমাধ্যমে বিজেপির বরাত দিয়ে জানানো হয়েছে, ওই জনসভায় অমিত শাহের সামনে তৃণমূল কংগ্রেসের ৩০ নেতা-কর্মী ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেবেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ডান হাত ও রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দেবেন বলে কলকাতার বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়।

এই ভাঙন রুখতে আজ কালীঘাটের বাসভবন অফিসে এক বৈঠকে বসছেন মমতা। সেখানে তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ‘ভোট কুশলী’ প্রশান্ত কিশোর প্রমুখকে ডেকেছেন।

এর আগে মমতা বারবার বলেছেন, যাঁরা দলের মধ্যে থেকে দলে অন্তঃকলহ বাধাবেন, তাঁরা এখনই চলে যান। যাঁরা তৃণমূলকে ভালোবাসেন, তাঁরাই দল করবেন। থাকবেন।
মমতার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা পৌর করপোরেশনের মেয়র শোভন চট্টোপাধ্যায়সহ কয়েকজন বিধায়ক ও সাংসদ।

গতকাল বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক নেতা সাংবাদিকদের বলেছেন, ‘শুভেন্দু একজন সাংসদ ও ১০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দেবেন। আর সেই লক্ষ্যেই অমিত শাহ কলকাতায় আসছেন।’

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যেসব নেতাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কথা রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, তৃণমূলের জেলা সহসভাপতি ও সাবেক মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল কুমার, আসানসোল পৌর মেয়র ও বর্তমান বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।

তৃণমূলের নেতা ও পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গতকাল বলেছেন, ‘২ থেকে ১০ জন বিধায়ক দল ছাড়লেও তাতে দলের কোনো ক্ষতি হবে না। বরং দলের আরও ভালো হবে।’