তৃণমূলের ‘বহিরাগত তত্ত্ব’ ভোগাচ্ছে শত্রুঘ্ন সিনহাকে
ভারতের পশ্চিমবঙ্গে ‘বহিরাগত তত্ত্ব’ এখন তৃণমূল কংগ্রেসের জন্য ‘বুমেরাং’ হয়ে ফিরে এসেছে। পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোল আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। তিনি বিহারের মানুষ। ফলে শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলে সরব হয়েছেন বিরোধীরা।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বহিরাগত তত্ত্ব’ ব্যাপক সাড়া ফেলে। প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীদের বহিরাগত আখ্যা দিয়ে নির্বাচনী ময়দান গরম করে তোলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার নিজেদের তত্ত্বের ফাঁদে পড়ল তৃণমূল।
গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করায় বাদ পড়ে যান আসানসোল থেকে নির্বাচিত সাংসদ বাবুল সুপ্রিয়। এর জেরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এ কারণে আসনটি শূন্য হয়েছে। ১২ এপ্রিল এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন রাজ্য বিধানসভার বালিগঞ্জ আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে। বাবুলকে এ আসনে প্রার্থী করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে।
শত্রুঘ্ন সিনহা বিহারের মানুষ। তাঁর জন্ম রাজ্যের রাজধানী পাটনায়। তিনি বিজেপির অটল বিহারি বাজপেয়ীর আমলে মন্ত্রী ছিলেন। বিহার থেকে দুবার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। বিজেপির সঙ্গে বনিবনা না হওয়ায় এবং মন্ত্রী হিসেবে কাজকর্মে তিনি নিজেকে তুলে ধরতে না পারায় দলের সঙ্গে দূরত্ব বাড়ে। পরে তিনি বিজেপি ছেড়ে যোগ দেন কংগ্রেসে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বিহারের একটি আসনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন। তবে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের কাছে হেরে যান। এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হলেন তিনি।
‘বিহারি বাবু’ শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করায় বিরোধীরা বলছেন, তিনি বিহারের বাসিন্দা। পশ্চিমবঙ্গের সাংসদ হয়ে তিনি কীভাবে তাঁর দায়িত্ব সামলাবেন। তিনি বিজেপির আমলে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও তেমন সুনাম অর্জন করতে পারেননি। এবার আসানসোলের সাংসদ হয়ে কতটা মানুষের সুখ-দুঃখের ভাগীদার হতে পারবেন? এ ছাড়া তাঁর বয়স এখন ৭৬। এ বয়সে বারবার পশ্চিমবঙ্গে এসে কতটা কাজ করতে পারবেন, সেই প্রশ্নও তুলেছেন বিরোধীরা।
তবে মনোনয়ন পাওয়ার পর শত্রুঘ্ন সিনহা বলেন, ‘এখন দেশের ভবিষ্যৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি হবেন দেশের কান্ডারি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য তাঁর পাশে এসে দাঁড়িয়েছি।’ তিনি বলেন, ‘আমার জন্ম বিহারে ঠিক, কিন্তু বাংলার প্রতি আমার একটা আলাদা টান রয়েছে। পশ্চিমবঙ্গ আমার পাশের রাজ্য। আমি বাংলা সিনেমায় অভিনয় করেছি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত “অন্তর্জলী যাত্রা” ছবিতেও আমি অভিনয় করেছি। আসানসোল শুধু বাঙালি নয়, বিহার, ঝাড়খন্ডসহ অন্যান্য রাজ্য থেকে আসা মানুষের বাসভূমি।’
বহিরাগত তত্ত্বের ব্যাপারে প্রশ্ন তুলে বলিউডের এই তারকা বলেন, ‘আসানসোলে আমি যদি বহিরাগত হই, তাহলে বারানসিতে কীভাবে লড়াই করলেন নরেন্দ্র মোদি?’