তৃণমূলের মন্ত্রী যোগ দিলেন বিজেপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে সুব্রত ঠাকুরকে (বাঁয়ে) নিয়ে বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর (শেষে কালো কোট পরা)। ছবি: সংগৃহীত
ছেলে সুব্রত ঠাকুরকে (বাঁয়ে) নিয়ে বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর (শেষে কালো কোট পরা)। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তিনি ভারতের ক্ষমতাসীন বিজেপিতে যোগ দিয়েছেন। মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বিজেপিতে যোগ দিলেন।

মাত্র তিন বছর আট মাসের শাসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ভাঙন শুরু হলো। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সদস্য মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বিজেপিতে যোগ দিয়ে এই ভাঙনযাত্রার সূচনা করেন। মমতার মন্ত্রিসভার উদ্বাস্তুকল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ২০১১ সালের মে মাসে মমতা ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার সদস্য হন। মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের সঙ্গে তাঁর ছেলে সুব্রত ঠাকুরও যোগ দিয়েছেন বিজেপিতে।

আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতার রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের বিজেপিতে যোগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। এ সময় রাহুল সিনহার পাশে ছিলেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও সুব্রত ঠাকুর।

মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের যোগদানকে স্বাগত জানিয়ে রাহুল সিনহা বলেন, ‘আজ থেকে শুরু হলো তৃণমূলে ভাঙনযাত্রা। এ মাসেই তৃণমূলের আরও অনেকে যোগ দেবেন বিজেপিতে।’ তিনি বলেন, এখন এ যোগদানের তালিকায় তৃণমূলের আরও বেশ কজন নেতা, মন্ত্রী ও বিধায়ক আছেন।

বিজেপিতে যোগ দিয়ে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বলেন, ‘তৃণমূলে ভালো মানুষের জায়গা নেই। আমি মতুয়া সম্প্রদায় এবং উদ্বাস্তুদের মন্ত্রী হয়েও কোনো কাজ করতে পারিনি। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কাজ করতে দেওয়া হয়নি। তা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছেমতো কাজ করেন। নীতিবিরুদ্ধ কাজ করেন। কারও কথা শোনেন না। ভালো লোক থাকতে পারেন না এই দলে। সারদা–কাণ্ডের পর এখন গোটা রাজ্যে তৃণমূলকে নিয়ে সাধারণ মানুষও টিটকারি মারে।’