তেলেঙ্গানায় মুসলিম সংরক্ষণ কোটা বাড়ায় ক্ষুব্ধ বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ ভেঙে গড়া তেলেঙ্গানা রাজ্যে মুসলিম সংরক্ষণ কোটা বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্য বিধানসভায় এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন বিজেপির বিধায়কেরা। গতকাল রোববার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে এই বিল পাস হয়। 


গতকাল বিধানসভার ওই বিশেষ অধিবেশনে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মুসলিম সংরক্ষণের হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করার বিল পাস হয়। এই বিলে তফসিলি উপজাতি সম্প্রদায়ের সংরক্ষণের হার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। একই সঙ্গে তেলেঙ্গানা রাজ্যে নতুন এই বিলে সংরক্ষণের হার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬২ শতাংশ করা হয়।

তেলেঙ্গানার বিরোধী দল বিজেপি তফসিলি উপজাতি সম্প্রদায়ের সংরক্ষণ কোটার হার বৃদ্ধিতে কোনো আপত্তি তোলেনি; বরং এটাকে স্বাগত জানিয়েছে। তবে মুসলিম সংরক্ষণের হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করায় প্রতিবাদে শামিল হয় বিজেপি।

এদিন বিধানসভায় ‘পিছিয়ে পড়া শ্রেণি, তফসিলি জাতি ও উপজাতি সংরক্ষণ বিল-২০১৭’ পেশ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। মুখ্যমন্ত্রী এই বিল পেশ করার পর বিরোধিতা করেন বিজেপির বিধায়কেরা। অভিযোগ তোলেন, মুসলিমদের জন্য সংরক্ষণের হার বাড়িয়ে চন্দ্র শেখর রাও সাম্প্রদায়িক রাজনীতি করছেন। এই বিলের প্রতিবাদে বিজেপির বিধায়কেরা বিধানসভার ওয়েলে নেমে প্রতিবাদ করে বিধানসভার কাজে ব্যাঘাত সৃষ্টি করেন। এরপরেই বিধানসভার স্পিকার রাজ্য বিজেপি সভাপতিসহ পাঁচ বিজেপি বিধায়ককে এদিনের জন্য বহিষ্কার করেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও বলেন, ধর্ম বা জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়নি। আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়কে বেশি করে সংরক্ষণের আওতায় আনা হয়েছে।