তৈরি হচ্ছে দ্বিতীয় ফারাক্কা সেতু
ফারাক্কা বাঁধের ওপর যানবাহনের চাপ কমাতে আরেকটি সেতু তৈরি করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সেতুটি হবে ছয় লেনের। মূল ফারাক্কা সেতুর কিছুটা পূর্বে নির্মিত হবে এই সেতু।
মুর্শিদাবাদ ও মালদহের সীমান্ত দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর ওপর ১৯৭৫ সালে তৈরি হয়েছিল ফারাক্কা বাঁধ এবং সেই বাঁধের ওপরই ফারাক্কা রেল ও সড়ক তৈরি হয়েছিল। এই বাঁধে রয়েছে ১০৯টি স্লুইসগেট।
এই ফারাক্কা সেতুর ওপর দিয়েই ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যের পথ চলে গেছে। প্রতিদিন হাজারো ট্রাকসহ যানবাহন চলাচল করে এই পথে। তাই ফারাক্কা বাঁধের ওপর চাপ কমানোর জন্য দ্বিতীয় ফারাক্কা সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সেতু নির্মিত হলে ফারাক্কা থাকবে শুধু বাঁধের জন্য। আর এই নতুন সেতু হবে যানবাহন চলাচলের জন্য। ফলে পুরোনো ফারাক্কা সেতুর ওপর বন্ধ হয়ে যাবে ভারী যানবাহন চলাচল।
পশ্চিমবঙ্গের পূর্তসচিব ইন্দিবর পান্ডের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, এ ব্যাপারে পরিকল্পনা চূড়ান্ত। নকশা তৈরি হচ্ছে। গ্লোবাল দরপত্র ডেকে কাজটি দেওয়া হবে। পান্ডে আরও জানিয়েছেন, ফারাক্কা বাঁধ থেকে আরও খানিকটা নিচের দিকে গঙ্গা নদীর ওপর এই সেতু গড়ার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বর্তমান ফারাক্কা সেতুকে আর সম্প্রসারণ করা যাবে না বিধায় নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফারাক্কা বাঁধের কাজ শুরু হয় ১৯৬১ সালে। শেষ হয় ১৯৭৫ সালে। তখন খরচ হয়েছিল ১৫৬ কোটি ৪৯ লাখ রুপি।