তোপের মুখে মোহন ভগবত

বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবতকে কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে। মেঘালয়ের কংগ্রেসি মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ভগবতের বিরুদ্ধে সারা দেশের মানুষকে প্রতিবাদে সরব হওয়ার ডাক দেন।
আজ মঙ্গলবার সাংবাদিকদের কাছে সাংমার অভিযোগ, ভাগবতের ত্রিপুরায় দেওয়া ভাষণ ‘দেশের ঐক্যের পক্ষে সর্বনেশে’। তাঁর মতে, রবিবার ভাগবত ভারতে বসবাসকারী সকলকে হিন্দু বলে দেশের ধর্মনিরপেক্ষতাকেই আঘাত করতে চেয়েছেন। তাঁর এই বক্তব্য দেশের সকল সংখ্যালঘু অংশের মানুষ আঘাত পেয়েছেন বলেও করেন তিনি।
মুকুলের মতে, ভারতের বৈশিষ্ট্যই হলো বিভেদের মাঝে মিলন। একই সঙ্গে খ্রিষ্টান অধ্যুষিত মেঘালয়ের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংঘ পরিবারের গোপন এজেন্ডাকেই বাস্তবায়িত করছে কেন্দ্রের এনডিএ সরকার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ধর্মের ভিত্তিতে দেশভাগের কৌশল চলতে পারে বলেও জনগণকে সতর্ক করে দেন তিনি।
মুকুলের মতে, ‘ভারতে বসবাসকারী সকলেই হিন্দু,’ এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে আরএসএসের উদ্দেশ্য। তাই দেশের ভবিষ্যতের স্বার্থে ত্রিপুরায় করা মোহন ভগবতের মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত গোটা দেশের। যে কোনো মূল্যে আরএসএসের হিন্দু এজেন্ডা ধ্বংস করারও ডাক দেন তিনি।
মুকুলের মতে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আরএসএসের হাতের পুতুল। তাই মানুষের ব্যক্তি স্বাধীনতাতেও হস্তক্ষেপ করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ফেব্রুয়ারি মাসে মেঘালয় বিধানসভার ভোট। বিজেপি এবার কংগ্রেসশাসিত এই রাজ্যের প্রধান প্রতিপক্ষ। ক্রিশ্চান অধ্যুষিত রাজ্যটিতে মোহন ভগবতের মন্তব্যকেই হাতিয়ার করতে চায় কংগ্রেস। বিজেপির অস্ত্র অবশ্য এখানে উন্নয়ন ও কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।