
ভারতের বিমানবাহিনীর সাবেক প্রধান এস পি ত্যাগীকে গতকাল শনিবার চার দিনের রিমান্ডে নিয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। ভিভিআইপিদের জন্য হেলিকপ্টার কেনায় দুর্নীতির অভিযোগে গত শুক্রবার ত্যাগীকে গ্রেপ্তার করা হয়।
আদালতে ত্যাগীর আইনজীবী বলেন, হেলিকপ্টার কেনার এই প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরও জড়িত ছিল। কিন্তু অন্যদের বাদ দিয়ে শুধু তাঁর মক্কেলকেই অভিযুক্ত করা হচ্ছে।
ত্যাগীই ভারতীয় কোনো সশস্ত্র বাহিনীর প্রথম প্রধান (সাবেক বা কর্মরত), যিনি গ্রেপ্তার হলেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিমানবাহিনীর প্রধান ছিলেন তিনি। ইতালি ও ভারতের তদন্তকারী কর্মকর্তাদের অভিযোগ, যুক্তরাজ্যভিত্তিক হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান অগাস্টাওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করার জন্য বিমানবাহিনীর প্রধান পদের প্রভাব খাটিয়েছিলেন এস পি ত্যাগী। এ ক্ষেত্রে শর্তের পরিবর্তন করা হয়, যা ওই কোম্পানির জন্য সহায়ক হয়।
সিবিআইয়ের মুখপাত্র দেবপ্রীত সিং বলেন, প্রথমে ৬ হাজার মিটার উঁচুতে উড়তে পারে এমন হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হলেও পরে তা নামিয়ে এনে সাড়ে ৪ হাজার মিটারে উড়তে পারে এমন হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হয়। ফলে অগাস্টাওয়েস্টল্যান্ড দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পায়।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, ২০০৪ সালে যখন এটা স্পষ্ট হয়ে যায় ত্যাগীই বিমানবাহিনীর প্রধান হচ্ছেন, তখন তাঁর ঘনিষ্ঠজনেরা অগাস্টাওয়েস্টল্যান্ডের ইতালীয় সহযোগী সংস্থা ফিনমেকানিকার সঙ্গে যোগাযোগ শুরু করেন।