ভারতের আঞ্চলিক রাজনীতি
ত্রিপুরা ও আসাম অভিযানে নামলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তর বাংলা সংস্কৃতির বলয়টা নতুন চেহারায় হাজির করছেন ক্রমে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বিজয়ের চার মাসও পেরোয়নি। এরই মধ্যে তাঁর দল ত্রিপুরা ও আসাম অভিযানে নেমে পড়েছে। বিজেপির তুমুল অগ্রগতির মুখে গত পাঁচ বছর তৃণমূল পশ্চিমবঙ্গে খুব রক্ষণাত্মক অবস্থানে ছিল। এপ্রিল-মের নির্বাচনের পর পরিস্থিতি পাল্টাচ্ছে দ্রুত। তৃণমূলের উত্তর-পূর্বমুখী চলতি পাহাড়ি অভিযান থেকে মনে হচ্ছে, বিজেপি ওসব জায়গায়ও কৌশলগতভাবে কোণঠাসা অবস্থায় পড়তে চলেছে। নয়াদিল্লি ও কলকাতায় সবাই কৌতূহলী হয়ে বুঝতে চাইছে, ‘বাংলার মেয়ে’ ওদিকে কেন যাচ্ছেন? কী চাইছেন তিনি?
দুই লক্ষ্য: নয়াদিল্লি ও উত্তর-পূর্বাঞ্চল
পাল আমলের পর নিজের এলাকা ছাড়িয়ে বাঙালির প্রভাব বিস্তারের ঐতিহ্য বিরল। আধুনিক কালের উপমহাদেশে আঞ্চলিক রাজনীতিতে বাঙালির অবস্থান বরং রক্ষণাত্মক। এটা তাই বেশ অভিনব যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ছাড়িয়ে পাখা মেলতে চাইছে ত্রিপুরা, আসাম এবং অন্যত্র।
ইতিমধ্যে দলটি বাঙালি সম্মান রেখেছে ভারতে ‘জাতীয় দল’-এর স্বীকৃতি পেয়ে। ভারতে জাতীয় দল হওয়ার কিছু শর্ত আছে। অন্তত তিনটি রাজ্য থেকে লোকসভায় ১১টি আসন পেতে হয় অথবা জাতীয় বা প্রাদেশিক সভার নির্বাচনে চার রাজ্যে ন্যূনতম ৬ ভাগ ভোট পেতে হবে। সামান্য শর্ত হলেও এসব পূরণ করে দেশটিতে জাতীয় দল আছে মাত্র ৮টি। বিশাল ভারতে রাজনৈতিক দল আছে প্রায় আড়াই হাজার। এগুলোর মধ্যে ‘জাতীয় দল’ হওয়া অবশ্যই একটা অর্জন। দেশটিতে অনেক রাজ্য এবং বহু ভাষার মানুষদের কোনো জাতীয় দল নেই। তৃণমূল সে বিবেচনায় বাংলাভাষীদের মুখ রেখেছে।
তবে জাতীয় দল হয়েও তৃণমূল বাস্তবে পশ্চিমবঙ্গের দল হিসেবেই পরিচিত এখনো এবং এই দলের ‘জাতীয়’ পরিচিতি নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। এসব কারণে নিজ প্রদেশে সর্বশেষ নির্বাচনে জিতেই মমতা বন্দ্যোপাধ্যায় ‘আঞ্চলিক নেত্রী’র ইমেজ ভাঙতে চাইছেন। সেই লক্ষ্যে তৃণমূল নজরকাড়া দুটি কৌশল নিয়ে এগোচ্ছে।
মমতাকে এখন নয়াদিল্লিতে জাতীয় রাজনীতিতে মাথা ঘামাতে দেখা যাচ্ছে বেশি বেশি করে। আবার সাংগঠনিকভাবে তাঁর দল ত্রিপুরা ও আসামে প্রভাব বিস্তারের মরিয়া চেষ্টায় নেমেছে। এই দুই রাজ্যে তৃণমূলের হাতে দুটি ভালো অস্ত্র আছে—একটা বাঙালি জাতীয়তাবাদ; দ্বিতীয়টি নাগরিক আইনের সংশোধন বিরোধিতা। উভয় অস্ত্রের ধারালো সম্ভাবনা আছে পুরো উত্তর–পূর্ব ভারতে।
বিভিন্ন জনজাতির সঙ্গে মৈত্রী বাড়াচ্ছে তৃণমূল
সংখ্যার হিসাবে ভারতে বাংলা দ্বিতীয় প্রধান ভাষা। পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা ও আসামে এই ভাষার মানুষদের বড় সংখ্যায় উপস্থিতি আছে। ত্রিপুরায় বাংলা প্রায় ৬৫ ভাগ মানুষের ভাষা। তিন ভাগের দুই ভাগ মানুষ এখানে বাঙালি। স্থানীয় ত্রিপুরাদের জন্য এটা উদ্বেগের ব্যাপার হলেও মমতার দলের জন্য ওটাই বাজির জায়গা। পাশাপাশি আসামেও অন্তত ৩০ ভাগ মানুষের মাতৃভাষা বাংলা। ফলে বাঙালি জাতীয়তাবাদ বিস্তারের অল্পবিস্তর সেখানেও সুযোগ আছে।
এই দুই রাজ্যে স্থানীয় প্রধান দুই জনজাতি টিপরা ও অসমিয়াদের মাঝে বিজেপির নাগরিকত্ব সংশোধন আইনের প্রবল বিরোধিতা আছে। তারা চাইছে না নতুন নাগরিক হিসেবে এখানে ‘বাইরের মানুষ’ আসুক। তৃণমূলও পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনে বিজেপির আনা সংশোধনীর বিরোধিতা করেছে। তবে সেই বিরোধিতা ছিল বিজেপি ও মোদির বিরোধিতার জায়গা থেকে। আর টিপরা ও অসমিয়ারা একই আইনের বিরোধিতা করছে তাদের জনপদে নতুনদের আগমন ঠেকাতে। তৃণমূল মনে করছে, যে কারণেই হোক, নাগরিকত্ব আইনের সংশোধনীর বিরোধিতার জায়গা থেকে উত্তর-পূর্বের পাহাড়ি জনজাতিসমূহের সঙ্গে মৈত্রী হতে পারে। সেই মৈত্রীকে ভোটের বাক্স পর্যন্ত নিতে চান মমতা। যদিও উত্তর-পূর্ব ভারতের হিন্দু বাঙালিদের একাংশ বিজেপির নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়নের পক্ষে।
তৃণমূলের আগরতলা অভিযান
তৃণমূল ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতে আসন পাতার চেষ্টা করছে প্রায় এক দশক। এত দিন সেই চেষ্টার মূল লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের শর্ত মেটাতে ‘জাতীয় দল’ হওয়ার জন্য কিছু ভোট এবং আসন জোগাড়। সেই ভোট সংগ্রহ করা গেলেও ফলাফলে উল্লেখ করার মতো বাড়তি আর কিছু মেলেনি। ত্রিপুরা কংগ্রেসের কিছু এমএনএ ২০১৬ সালে তৃণমূলে এলেও পরে তারা আবার বিজেপিতে চলে যায়। ২০১৮ সালের স্থানীয় বিধানসভা নির্বাচনে তৃণমূল এখানে ২৪টি আসনে দাঁড়ালেও ভোট পেয়েছে নগণ্য।
মমতা এবার তাঁর ভাইপো অভিষেকের হাতে ত্রিপুরা অভিযানের নেতৃত্ব তুলে দিয়েছেন সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে। দেড় বছর পর এই রাজ্যে নির্বাচন। ত্রিপুরা ছোট রাজ্য হলেও পশ্চিমবঙ্গের নির্বাচনের পর হঠাৎ এর গুরুত্ব বেড়ে গেছে। নীরবে নির্বাচনী কাজে নেমে পড়েছে স্থানীয় সব রাজনৈতিক শক্তি। বিজেপি, তৃণমূল এবং সিপিএম—এই তিন শক্তির কাছে তিন কারণে ত্রিপুরা গুরুত্বপূর্ণ। গত নির্বাচনে ৪৪ ভাগ ভোট পেয়ে জিতলেও ত্রিপুরায় বিজেপি নেতৃত্ব যথেষ্ট সবল নয়। টিপরাদের স্বশাসিত অঞ্চলে গুরুত্বপূর্ণ এক স্থানীয় নির্বাচনে কিছুদিন আগে আঞ্চলিক দল ‘টিপরা-মথা’র কাছে বড় ব্যবধানে হেরে গেছে তারা।
ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় জনবহুল রাজ্য। এখানে হিন্দুত্ববাদীরা ক্ষমতা হারালে তার প্রবল ছাপ পড়বে পুরো উত্তর-পূর্বাঞ্চলে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বাঙালি জাতীয়তাবাদের যে ঢেউ তৈরি হয়েছে, তা আগরতলায়ও ঠেলে দেওয়া যাবে বলে মনে করছে তৃণমূল। তারা টিপরাদের উদীয়মান নেতা যুবরাজ প্রদ্যোত দেববর্মার সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা দেখছে। সেটা ঘটলে ত্রিপুরায় বিজেপি দুর্দান্ত এক প্রতিদ্বন্দ্বিতায় পড়বে। অন্যদিকে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ভূমিধস পরাজয়ের পর দ্বিতীয় আঞ্চলিক ভরকেন্দ্র ত্রিপুরায় মরণ কামড় দিয়ে টিকে থাকতে চাইছে। তাদেরও প্রধান প্রতিপক্ষ সেখানে বিজেপি।
টিপরাদের সঙ্গে তৃণমূলের জোট!
ত্রিপুরার নির্বাচনী গণিতে মমতার জন্য বেশ ভালো সম্ভাবনা আছে। এখানকার ৬০ আসনের বিধানসভায় এক-তৃতীয়াংশে টিপরাদের আধিপত্য থাকে বরাবর। বাকি ৪০টিতে কংগ্রেস, সিপিএম ও বিজেপির যে ত্রিমুখী লড়াই, সেখানে তৃণমূল চতুর্থ শক্তি হিসেবে ঢুকতে চাইছে কিছু বাঙালি এবং কিছু টিপরা ভোট এক জায়গায় জড়ো করে। রাজ্যের টিপরা নেতা প্রদ্যোত দেববর্মা স্বীকার করেছেন, মমতা ও অভিষেকের সঙ্গে কলকাতায় তাঁর বৈঠক হয়েছে। এই খবরের পরই ত্রিপুরায় বিজেপি শিবিরে ভয় ঢুকেছে।
প্রদ্যোত দেববর্মাও মমতার মতোই একসময় জাতীয় কংগ্রেসে ছিলেন। মমতার সঙ্গে প্রদ্যোতের আরেকটা মিলের জায়গা হচ্ছে, চলাফেরায় তিনিও অতি সাদাসিধে, ফলে দ্রুত সাধারণ ভোটারদের সঙ্গে মিশে যেতে পারেন। ‘টিপরা-মথা’র সঙ্গে বাঙালিপ্রধান যেকোনো সংগঠনের ঐক্য মানেই টিপরাদের ভাষা ‘ককবরক’ আর বাঙালিদের ভাষার রেষারেষি কমে যাওয়া, যা ত্রিপুরার রাজনীতির সমীকরণ অনেকখানি পাল্টে দেবে।
এই রাজ্য একসময় কংগ্রেস এবং পরে সিপিএমের দুর্গ ছিল। দুই দলের সংগঠনই এখন ক্ষয়িষ্ণু। টিপরাদের মাঝে সেই শূন্যতা দখল করে নিয়েছে প্রদ্যোৎ দেববর্মার দল টিপরা-মথা। আর আগরতলাকেন্দ্রিক বাংলাভাষীদের মাঝে বাম ও কংগ্রেসের শূন্যতা পূরণ করতে চায় তৃণমূল। যা তারা করেছিল পশ্চিমবঙ্গে। এ পথে ধর্মনিরপেক্ষতা, হিন্দুত্ব এবং বাঙালি জাতীয়তাবাদের অভিনব এক মিশ্রণ নিয়ে এগোতে চান মমতা।
ত্রিপুরার ভোটারদের ৮৩ ভাগ হিন্দু—এটা মাথায় রেখেই তৃণমূল সেক্রেটারি অভিষেক রাজ্যে ঢুকে প্রথম গেছেন দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরে। বিজেপি তৃণমূলের এই কৌশলে শঙ্কিত। সেটা বোঝা গেছে অভিষেকের মন্দিরে আসা-যাওয়ার পথে তৃণমূল কর্মী–সমর্থকদের ওপর হামলার ঘটনা থেকে। কোনোভাবেই আগরতলা ও আশপাশে তৃণমূলকে দাঁড়াতে দিতে চাইছে না বিজেপি। মন্দিরের রাজনীতিতেও কাউকে ভাগ বসাতে দিতে চায় না তারা।
এদিকে মমতার নজর আগরতলা ছাড়িয়ে গুয়াহাটি হয়ে আসামের শিবসাগর পর্যন্ত চলে গেছে। আসামে যদিও আপাতত ভোটের উত্তেজনা নেই, কিন্তু অসমিয়া সমাজের এই সময়কার উদীয়মান রাজনীতিবিদ অখিল গগৈর সঙ্গেও তৃণমূলের বোঝাপড়া ইতিবাচক মোড় নিয়েছে। তৃণমূলের মুকুটে এটা নতুন পালকই হবে।
অসমিয়ারা যখন মমতার পাশে
আসামে কৃষকনেতা অখিল গগৈ কারাগারে থেকেই এবার শিবসাগর আসনে বিধানসভা নির্বাচনে জিতেছেন। এসব এলাকা উলফার এককালের জন্মস্থান। আসামের সর্বশেষ নির্বাচনে বিজেপি-কংগ্রেসের বিরুদ্ধে গগৈর বিজয়কে দেখা হচ্ছে, তাঁকে ঘিরে অসমিয়া তরুণ-তরুণীদের সংহতির গভীরতা হিসেবে। কারামুক্তির পর সম্প্রতি গগৈ কলকাতায় অন্তত দুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। শিগগিরই তিনি তৃণমূলে যোগ দেবেন বা তাঁর দল তৃণমূলের সঙ্গে জোট করার ঘোষণা দেবে। সাবেক কয়েকজন উলফা নেতার সঙ্গেও তৃণমূলের রাজনৈতিক যোগাযোগ ঘটেছে ইতিমধ্যে। এসব অধ্যায় প্রকাশ্যে উঠে আসা মাত্র আসামের রাজনীতিতে তৃণমূল বড় এক শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং বিস্ময়করভাবে শুরুতে সেটা ঘটবে অসমিয়াদের মাঝে, বাঙালি এলাকায় নয়!
এখানকার গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে, বাঙালিপ্রধান কংগ্রেসের সঙ্গে অসমিয়াদের কোনোভাবে নির্বাচনী সমীকরণ খাপে খাপে মিলছিল না। কেবল এ কারণেই এবার হাতের নাগালে পেয়েও বিজেপিকে হারাতে পারেনি কংগ্রেস শিবির। মমতা ও অখিল গগৈর ঐক্য এই শূন্যতা পূরণ করতে পারে।
নাগরিকত্ব আইনের সংশোধনের বিরুদ্ধে অসমিয়া তরুণদের অবস্থানে মমতার মোটাদাগে সমর্থন আছে, যা তাঁকে আপার আসামের বাঙালিবিরোধী অসমিয়াদের মাঝে জনপ্রিয় করে তুলতে পারে। এতে ত্রিপুরার ‘ককবরক-বাংলা’ মৈত্রীর মতোই আসামেও অসমিয়ার সঙ্গে বাংলার পুরোনো বিভেদ কমতে পারে। এসব বিভেদের ফাঁক গলেই আসাম ও ত্রিপুরায় ধর্ম ও জাতিবাদী উগ্রশক্তি সাংগঠনিক বিস্তার ঘটিয়েছে এত দিন। মমতার ত্রিপুরা ও আসাম অভিযানের সাংস্কৃতিক তাৎপর্য তাই বিপুল।
অখিল গগৈ ইতিমধ্যে বলে ফেলেছেন, তাঁরা মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চান। ‘বাঙালি খেদা’ আন্দোলনের আগ্নেয়গিরি আপার আসামের কারও মুখ থেকে এমন উক্তি বেশ অভিনব। বিজেপি শিবির অবশ্য এসব প্রত্যাশাকে ‘দিবাস্বপ্ন’ হিসেবেই উড়িয়ে দিচ্ছে।
তবে আপাতত দিবাস্বপ্ন মনে হলেও ত্রিপুরা ও আসামের চলমান রাজনৈতিক পালাবদল ২০২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ৫৮টি (৪২ + ১৪ + ২) লোকসভা আসনে বিজেপির জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। এই তিন রাজ্যের সঙ্গে মমতা বিহারের লালু যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং ঝাড়খন্ডের হেমন্ত সরেনদের ‘মুক্তিমোর্চা’কে পাশে নিয়ে নয়াদিল্লিতে জাতীয় রাজনীতির হিসাবনিকাশে নতুন মাত্রায় হাজির হতে চান। লালু যাদবের ছেলে তেজশ্রী যাদবের সঙ্গে মমতার রাজনৈতিক সখ্য বাড়ছে। মাত্র ২২ বছর বয়সে বিহারের সবচেয়ে বড় দলটির নেতা তিনি। পশ্চিমবঙ্গের নির্বাচনে তেজশ্রী তৃণমূলের নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছিলেন।
প্রাদেশিক লড়াই যেভাবে বদলে যাচ্ছে
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ত্রিপুরা, আসামের বাইরে মমতা সখ্য গড়তে চাইছেন আরও কিছু রাজ্যের মধ্যপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও। গান্ধী পরিবারের বাইরে বিজেপির জন্য ক্রমে নতুন এক নিম্নচাপ তৈরি করতে চান ‘বাংলার মেয়ে’। সামনে হাতে সময় আছে দেড়-দুই বছর। অনুসন্ধানী সাংবাদিকেরা বলছেন, রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরই মমতাকে বাংলার সীমা ছাড়িয়ে জাতীয় রাজনীতির উচ্চাভিলাষী এই মহারণে ঠেলে দিচ্ছেন। করোনার সংক্রমণ কমে এলে কলকাতায় মহা-জলসা করে বিভিন্ন রাজ্য থেকে রাজনীতিবিদদের হাজির করে মমতা তাঁর ‘ভিশন-২৪’ এর কথা জানাবেন সবাইকে। সেই জলসার আগেই অবশ্য কেউ কেউ মমতাকে ঝাঁসীর লক্ষ্মীবাঈয়ের সঙ্গে তুলনা করছেন।
কিন্তু ভারত নতুন কোনো শহীদ নয়, গাজী চাইছে হয়তো। মমতা শহীদ বা গাজী—যা–ই হোন, তাঁর এখনকার অভিযান বাংলা ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তর বাংলা সংস্কৃতির বলয়টা নতুন চেহারায় হাজির করছে ক্রমে। কেবল এই জন্যও ইতিহাসে নিশ্চিতভাবে তিনি কিছু নম্বর পেতে পারেন।
●আলতাফ পারভেজ দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষক