ত্রিপুরা কংগ্রেসের ৬ বিধায়ক যাচ্ছেন তৃণমূলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে দলের জোটের প্রতিবাদে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দল ছাড়লেন ত্রিপুরা কংগ্রেসের ছয় বিধায়ক। তাঁরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। এর আগে সোমবারই কংগ্রেসের আরেক বিধায়ক ফিরে যান তাঁর পুরোনো দল সিপিএমে। 

৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ১০ বিধায়কের মধ্যে একজন, জীতেন সরকার আগেই বিধানসভা থেকে ইস্তফা দিয়ে যোগ দিতে চলেছেন সিপিএমে। ফলে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় ৯-এ। এই নয়জনের মধ্যে ছয়জনই যোগ দিচ্ছেন তৃণমূলে।
ত্রিপুরা প্রদেশ তৃণমূলের তরফে রতন চক্রবর্তী ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথকে চিঠি দিয়ে ছয় বিধায়কের তৃণমূলে যোগদানের দাবি জানান। বিধায়কেরাও দলবদ্ধ হয়ে অধ্যক্ষের কাছে দলত্যাগের চিঠি তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত বিধায়ক তথা সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ প্রথম আলোকে জানিয়েছেন, অসুস্থতার কারণে বিধায়ক দিলীপ সরকার অনুপস্থিত থাকলেও তিনি তাঁদের সঙ্গেই রয়েছেন।
দলত্যাগ প্রসঙ্গে সুদীপ বলেন, সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোটই তাঁদের দলত্যাগে বাধ্য করেছে। তৃণমূলই প্রকৃত সিপিএম-বিরোধী বলে দাবি করেন তিনি। অন্যদিকে কংগ্রেসের দাবি, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই দল ছাড়ছেন সুদীপ বর্মণরা।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তাপস দের মতে, কংগ্রেসের টিকিটে জেতা বিধায়কদের বিধায়ক পদে ইস্তফা দিয়েই কেবল তৃণমূলে যোগ দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, দিলীপ সরকার এখনো কংগ্রেস বিধায়ক। দলত্যাগীদের বিধানসভার সদস্যপদ থেকে বরখাস্তেরও দাবি তোলেন তিনি। সিপিএম অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ। সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর প্রথম আলোকে বলেন, তৃণমূল ও কংগ্রেস উভয়ই নীতিভ্রষ্ট দল। তাঁদের অনৈতিকতার কারণেই রাজ্য বিধানসভার সাবেক অধ্যক্ষ জীতেন সরকার সিপিএমে ফিরে এসেছেন।