ত্রিপুরা দুই ভাগের দাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবরোধ
ভারতের ত্রিপুরা রাজ্যকে দুই ভাগ করার দাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংগঠন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তুইপ্রা (আইপিএফটি) অবরোধ কর্মসূচি পালন করছে। গতকাল বুধবার সকাল থেকেই আইপিএফটির সমর্থকেরা সড়ক ও রেলপথ অবরোধ করেন।
দলের সুপ্রিমো এনসি দেববর্মা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বামফ্রন্টের আমলে ত্রিপুরায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। পৃথক রাজ্য না হলে কখনোই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর বঞ্চনার অবসান ঘটবে না। ন্যায্য পাওনা আদায়ের দাবিতে তাই ক্ষুদ্র নৃগোষ্ঠী শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছে।
গতকালের সড়ক ও রেলপথ অবরোধকে ঘিরে গোটা ত্রিপুরা রাজ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। রাজ্য সরকার ব্যাপক পুলিশ ও আধা সেনা মোতায়েন করে। তবে রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) অনুরাগ ধনকর মুঠোফোনে প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা অবধি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইপিএফটির এই অবরোধের কড়া সমালোচনা করেছে সিপিএম। দলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক সংগঠন গণমুক্তি পরিষদের সভাপতি, তথা ভারতীয় লোকসভার সদস্য জিতেন্দ্র চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিচ্ছিন্নতাবাদী এই আন্দোলনের সঙ্গে ত্রিপুরার সাধারণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।
এ ব্যাপারে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থে একমাত্র সিপিএমই সর্বভারতীয় স্তরে লড়াই করছে। তিনি জানান, তাঁদের মাতৃভাষা ককবরককে অষ্টম তফসিলভুক্ত করার দাবিতে লোকসভায় তিনি প্রায়ই সোচ্চার হন। পৃথক রাজ্যের দাবিকে আমল দিতে নারাজ কংগ্রেসও।
কংগ্রেস দলের মুখপাত্র তাপস দে বাম আমলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে স্বীকার করে প্রথম আলোকে বলেন, রাজ্যভাগ সমস্যার সমাধান নয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র অরুণ কান্তি ভৌমিকও মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরাও রাজ্যভাগের বিরোধী। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা আদায় করার কৌশল নিয়েছে আইপিএফটি। মাত্র ৩৮ লাখ মানুষের রাজ্য ত্রিপুরাকে নতুন করে ভাগ করার দাবিটাকেই তাঁরা অযৌক্তিক বলে মনে করেন।