ত্রিপুরা বন্ধে জনজীবন বিপর্যস্ত
চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরতসহ ১২ দফা দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে কংগ্রেসের ডাকা ২৪ ঘণ্টা ত্রিপুরা বন্ধ্ চলছে। সিপিএম-শাসিত ত্রিপুরায় এই বন্ধের ফলে স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।
সকাল থেকেই জাতীয় সড়কে যান চলাচল নেই বললেই চলে।
বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গায় কংগ্রেসের কর্মীরা পিকেটিং করছেন। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিভিন্ন জায়গায় সকাল থেকেই বন্ধ্-সমর্থকেরা আইন অমান্য করে গ্রেপ্তার বরণ করেন। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বিমান চলাচল ও জরুরি পরিষেবাকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে।
বন্ধ্ সর্বাত্মক সফল বলে সকাল থেকেই দাবি করছেন কংগ্রেস নেতারা।
প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষ সিপিএমের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার হিসেবে এই বন্ধ্কে সমর্থন জানিয়েছেন। বন্ধ্ সর্বাত্মক ও স্বতঃস্ফূর্ত বলেও দাবি করেন তিনি। কংগ্রেসের শক্তি ত্রিপুরায় যে বিন্দুমাত্র ক্ষয় হয়নি, সেটাও বোঝানোর চেষ্টা করেন তিনি।
বন্ধ্ দিয়ে কারও জনসমর্থন প্রমাণ হয় না বলে মন্তব্য করেছেন প্রদেশ তৃণমূল নেতারা।
সকালে প্রদেশ তৃণমূল সভাপতি আশিস কুমার সাহা প্রথম আলোকে বলেন, যে-কেউ ডাকলেই ত্রিপুরায় বন্ধ্ হয়। বন্ধে মানুষের দুর্ভোগ বাড়ে। তবে লাভের লাভ কিছু হয় না।
সিপিএম এই বন্ধ্কে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না।