ত্রিপুরা বিধানসভার উপনির্বাচনে সিপিএম জয়ী
ত্রিপুরা রাজ্য বিধানসভার দুটি আসনের উপনির্বাচনেই জয় পেয়েছে সিপিএম। আর এর মধ্য দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে মার্ক্সবাদী এই কমিউনিস্ট পার্টির রাজত্ব অক্ষত থাকার ইঙ্গিত আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, পশ্চিমবঙ্গে তৃণমূল-ঝড়ে একসময়ের লাল দুর্গ ধুয়ে-মুছে সাফ হতে চললেও ভারতের বাংলাভাষী ত্রিপুরাবাসী বামদের ওপরই ভরসা রাখছে। আজ মঙ্গলবারের বিধানসভা উপনির্বাচনের ফলাফল সেটাই প্রমাণ করছে।
দুটি আসনের উপনির্বাচনের মধ্যে একটি আসন কংগ্রেসের কাছ থেকে সিপিএম ছিনিয়ে নিল। অপর আসনটি সিপিএমের দখলেই ছিল।
রাজধানী আগরতলার উপকণ্ঠে বড়জলা কেন্দ্রে তৃণমূলকে টেক্কা দিয়ে বিজেপি দখল করল দ্বিতীয় স্থান। খোয়াইতে অবশ্য ব্যবধান বিশাল হলেও দ্বিতীয় স্থানে তৃণমূলই রয়েছে। কংগ্রেস কোনো আসনেই জামানত বাঁচাতে পারেনি।
২০১৮ সালের বিধানসভা ভোটের আগে উপনির্বাচনের ফলাফলে খুশি সিপিএম। দলের রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, এই ফলাফল রাজ্য বিধানসভায় বামদের শক্তি আরও বাড়িয়ে দিল। ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় বাম বিধায়কের সংখ্যা দাঁড়াল ৫১। বিরোধীদের মধ্যে কংগ্রেসের বিধায়কসংখ্যা তিন এবং তৃণমূলের ছয়।