কংগ্রেস বিধায়কদের দলবদলের কারণে ভারতের ত্রিপুরা বিধানসভায় সৃষ্ট জটিলতা অবসানে তেমন অগ্রগতি নেই। অভূতপূর্ব সাংবিধানিক জটিলতায় রাজ্যের আঞ্চলিক পরিষদীয় রাজনীতিতে দেখা দিয়েছে সংঘাত ও সংশয়। এ নিয়ে চলছে আইনি সলাপরামর্শের পালা।
৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় কংগ্রেসের আসন মাত্র ১০টি। বাকি ৫০টিই সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্টের দখলে। পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে কংগ্রেসের সাম্প্রতিক নির্বাচনী জোট নিয়ে মতবিরোধের জেরে সেই ১০ জন থেকেও কমছে বিধায়কসংখ্যা। পশ্চিমবঙ্গের ওই জোট মেনে নিতে পারেনি ত্রিপুরা কংগ্রেসের একটা বড় অংশ। প্রথমে জীতেন সরকার নামের রাজ্যের এক কংগ্রেস বিধায়ক ইস্তফা দেন। তার পর আবার বিধায়ক বিশ্ববন্ধু সেনকে দল থেকে বহিষ্কার করে রাজ্য কংগ্রেস। বিষয়টা এতেই থেমে থাকেনি। ঘটনার ধারাবাহিকতায় রাজ্য কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ তাঁর চার অনুসারীসহ তৃণমূলে যোগ দিয়েছেন জানিয়ে বিধানসভার অধ্যক্ষকে (স্পিকার) বলেন, তাঁদের তৃণমূল বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।
ভারতীয় সংবিধান অনুযায়ী সদস্যপদ বাঁচিয়ে রেখে সংসদীয় কাঠামোয় দলবদল করতে হলে কম করে হলেও ৬০ শতাংশ সদস্যের সমর্থন লাগে। সেই শর্ত অনুযায়ী ১০ জন সদস্যের মধ্যে ৬ জন দলবদল করতেই পারেন। কিন্তু কংগ্রেস নেতাদের দাবি, তাঁদের বিধায়কসংখ্যা এখন আট এবং সেখান থেকে পাঁচজন দলবদল করা অবৈধ।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তাপস দে প্রথম আলোকে বলেন, সংবিধান অনুযায়ী এই পাঁচ বিধায়কেরই সদস্যপদ বাতিল করে উপনির্বাচন করতে হবে।
অন্যদিকে দলত্যাগী বিধায়কদের নেতা সুদীপ রায়বর্মণের দাবি, আইনজ্ঞরা বলছেন, আটজন বিধায়কের মধ্যে পাঁচজন একযোগে দলত্যাগ করতে পারেন। একই সঙ্গে সুদীপ তৃণমূল পরিষদীয় দলনেতা হিসেবে বিরোধী দলনেতার পদও দাবি করেন।