ত্রিপুরা বিধানসভায় সাংবিধানিক জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা বিধানসভায় অভূতপূর্ব সাংবিধানিক জটিলতা দেখা দিয়েছে। কংগ্রেস বিধায়কদের দলবদল এই সংকট তৈরি করেছে। ফলে ত্রিপুরার পরিষদীয় রাজনীতিতে তৃণমূলের উত্থানেও দেখা দিয়েছে সংশয়। চলছে আইনি সলাপরামর্শের পালা।

৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় ২০১৩-এর সাধারণ নির্বাচনে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট পেয়েছিল ৫০টি আসন। কংগ্রেস দখল করে ১০টি আসন। কিন্তু পশ্চিমবঙ্গে সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট মেনে নিতে পারেননি ত্রিপুরায় সোনিয়া গান্ধীর দলের বড় একটা অংশ। তারা দল ছাড়ার প্রস্তুতি নিতেই জীতেন সরকার নামে এক কংগ্রেস বিধায়ক ইস্তফা দেন। ফলে কংগ্রেসের বিধায়কসংখ্যা কমে দাঁড়ায় ৯। এই অবস্থায় কংগ্রেস দলীয় বিধায়ক বিশ্ববন্ধু সেনকে বহিষ্কার করা হয় দল থেকে। ফলে কংগ্রেসের বিধায়কসংখ্যা দাঁড়ায় ৮। এরই মধ্যে সাবেক বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ তাঁর আরও চার অনুগামীসহ বিধানসভার অধ্যক্ষকে জানান, তাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তাঁদের তৃণমূল বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আর এ থেকেই শুরু হয়েছে জটিলতা।

ভারতীয় সংবিধান অনুযায়ী, সদস্য পদ বাঁচিয়ে রেখে সংসদীয় কাঠামোয় দলবদল করতে হলে কম করে ৬০ শতাংশ সদস্যের সমর্থন লাগে। সেই শর্ত অনুযায়ী ১০ জন সদস্যের মধ্যে ছয়জন সদস্য দলবদল করতেই পারেন। কিন্তু কংগ্রেস নেতাদের দাবি, তাঁদের সংখ্যা এখন ৮ এবং সেখান থেকে পাঁচজন দলবদল করা, এটা অবৈধ।

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তাপস দে প্রথম আলোকে বলেন, ‘সংবিধান অনুযায়ী এই পাঁচ বিধায়কেরই সদস্যপদ বাতিল করে উপনির্বাচন করতে হবে। নৈতিকতার প্রশ্নেও দলত্যাগী বিধায়কদের ইস্তফা দেওয়া উচিত বলেও কংগ্রেস মনে করে।’

অন্যদিকে দলত্যাগীদের নেতা সুদীপ রায়বর্মণের দাবি, কংগ্রেসের মুখে নৈতিকতার প্রশ্ন সাজে না। প্রথম আলোকে তিনি বলেন, ‘সিপিএমের সুবিধা করে দিতেই কংগ্রেস বিশ্ববন্ধু সেনকে রাতারাতি বহিষ্কার করেছে। তাতেও লাভ হবে না। আইনজ্ঞরা বলছেন, আটজন বিধায়কের মধ্যে পাঁচজন একযোগে দলত্যাগ করতে পারেন।’ একই সঙ্গে তিনি তৃণমূল পরিষদীয় দলনেতা হিসেবে বিরোধী দলনেতার পদও দাবি করেন। তাঁর যুক্তিতে বর্তমানে তৃণমূলের বিধায়ক সংখ্যা ৬। তাই রাজ্য বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবেই তাঁরা অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথের কাছে এই দাবি করেছেন।

বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর মুঠোফোনে জানিয়েছেন, ‘বিষয়টি অভূতপূর্ব। সাংবিধানিক জটিলতাও রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিধায়কদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। আইনি ব্যাখ্যাও চাওয়া হয়েছে। সবদিক খতিয়ে দেখেই নিয়মমাফিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

সব পক্ষই আইনজ্ঞদের কাছে দৌড়ঝাঁপ করছে বলে জানা গেছে। কিন্তু উপনির্বাচন, নাকি দলবদলের মাধ্যমেই ত্রিপুরার পরিষদীয় রাজনীতিতে ঘাসফুল (তৃণমূলের নির্বাচনী প্রতীক) ফুটবে, তা নিয়েই ত্রিপুরার রাজনৈতিক জল্পনা এখন তুঙ্গে।