ত্রিপুরা বিধানসভায় স্বীকৃতি পেল তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভায় স্বীকৃতি পেল তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল। কংগ্রেস ছেড়ে গত ৭ জুন তৃণমূলে যোগদানকারী ছয় বিধায়কেরই বিধায়ক পদ বহাল রেখে গতকাল সোমবার এই স্বীকৃতি দেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ। ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় কংগ্রেসের প্রতীকে নির্বাচিত ১০ বিধায়কের মধ্যে ছয়জন যোগ দেন তৃণমূলে। ভারতীয় দলত্যাগবিরোধী আইন মোতাবেক তাঁদের সদস্যপদ খারিজের দাবি তোলে কংগ্রেস। তার জবাবে পাল্টা যুক্তি দেখান সদ্য তৃণমূলে যোগদানকারীরা। সবকিছু বিবেচনা করে অধ্যক্ষ বিধায়কদের সদস্যপদ বহাল রাখার কথা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানান, বিরোধীদের কোনো পক্ষেই ১০ জন বিধায়ক না থাকায় বিরোধী দলনেতার পদ পাচ্ছেন না কেউই। তবে অধ্যক্ষের এই মত মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রথম আলোকে বলেন, ৬০ সদস্যের বিধানসভায় ছয় সদস্য থাকলেই বিরোধী দলনেতার পদ দিতে বাধ্য অধ্যক্ষ। দল চিঠি দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তাঁদের সদস্যপদ বহাল রাখা প্রসঙ্গে সুদীপ বলেন, নিয়ম মেনেই অধ্যক্ষ রুলিং দিতে বাধ্য হয়েছেন।