ত্রিপুরা মডেলে পশ্চিমবঙ্গে নির্বাচন করবে বিজেপি
উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরায় নির্বাচনের ফলাফলে বিজেপির বিপুল সাফল্যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা উচ্ছ্বসিত। আর তাই রাজ্যের বিজেপি নেতারা ত্রিপুরা মডেলে পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়াই করবেন বলে স্থির করেছেন।
বিজেপি নেতাদের মতে, সিপিআইএমের ছাপ্পা (জাল ভোট) রুখেই মানিক-রথ থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এবার একই কায়দায় পশ্চিমবঙ্গের মাটিতেও ঘাসফুলের উচ্ছেদ ঘটিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা।
গতকাল শনিবার ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভার ফল প্রকাশ হয়। ত্রিপুরা দুই-তৃতীয়াংশ আসন পায় বিজেপি। এ রাজ্যে বিজেপি বিধানসভা বা লোকসভায় কোনো দিন কোনো আসন পায়নি।
এ বিজয়ের পর গতকাল কলকাতায় উচ্ছ্বসিত বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা মডেলেই পশ্চিমবঙ্গে ভোট হবে। তখনই পরিষ্কার হয়ে যাবে মানুষ ওদের (তৃণমূল কংগ্রেসর) সঙ্গে আছে কি না।
গতকাল সন্ধ্যায় চলচ্চিত্র ও ছোট পর্দার অভিনেত্রী লকেট বলেন, ছাপ্পা রুখে দিলেই এই বঙ্গে তৃণমূলের বাড়বাড়ন্ত রুখে দেওয়া সম্ভব। ত্রিপুরার কায়দাতে এখানেও তাঁরা বুথ ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) করবেন বলে জানিয়েছেন।