ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় একটি স্টলে বাংলাদেশি জামদানি দেখছেন একজন ক্রেতা। ছবি: দেবাশিস রায়
ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় একটি স্টলে বাংলাদেশি জামদানি দেখছেন একজন ক্রেতা। ছবি: দেবাশিস রায়

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার হাঁফানিয়ার আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্যমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে ২৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। এই মেলার মূল আকর্ষণই বাংলাদেশ। মেলার ২০৪টি স্টলের মধ্যে ৫৩টিই বাংলাদেশের।
ত্রিপুরা রাজ্য সরকার আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী।
বাংলাদেশ সরকারের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এবারের মেলায় ৫৩টি স্টল এলেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভিসা জটিলতায় আসতে পারেনি। মেলায় বাংলাদেশি জামদানি শাড়ির পাশাপাশি খাদ্য সামগ্রী, প্লাস্টিকের জিনিসপত্র, টাইলস, সাবান, আসবাবপত্র, নির্মাণ সামগ্রী প্রদর্শিত হচ্ছে। ১০ দিনের এই মেলায় সুবিধা-অসুবিধা দেখতে ইপিবির চারজন কর্মকর্তা আগরতলায় এসেছেন বলে জানান জাহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার শিল্প ও বাণিজ্য প্রসারে বাংলাদেশকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও গুরুত্ব দেন ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নয়নের। এ বিষয়ে উভয় দেশের শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
১০ দিনের এই মেলাকে ঘিরে উৎসবের রূপ নিয়েছে মেলা প্রাঙ্গণ। ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা হিমাদ্রী চৌধুরী জানিয়েছেন, গত বছর এই মেলায় ২ কোটি ৭৬ লাখ রুপির মতো ব্যবসা হয়। এবার সেই টাকার অঙ্ক ছাড়িয়ে যাবে বলেই তাঁর অনুমান।