ত্রিপুরা সরকারের বিরুদ্ধে ১২ দফা নিয়ে নামছে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের বিরুদ্ধে কাল মঙ্গলবার অভিযানে নামছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। দুর্নীতি ঠেকানোসহ মোট ১২ দফা দাবি নিয়ে ত্রিপুরায় কাল মহাকরণ, অর্থাৎ রাজ্য সচিবালয় অভিযান কর্মসূচি পালন করবে বিজেপি।

বিজেপির রাজ্য নেতা সুবল ভৌমিক সোমবার সংবাদ সম্মেলন করে দাবি করেন, ঐতিহাসিক জমায়েত হবে এই মহাকরণ অভিযানে। গোটা রাজ্য থেকেই মানুষ অংশ নেবে এই কর্মসূচিতে।

তবে বিজেপির এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ ত্রিপুরার শাসক দল সিপিএম। দলের পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর মোবাইল ফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ধর্মের নামে রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। কিন্তু সাধারণ মানুষ সেটা রুখে দেবে বলেই তাঁরা আশা করছেন।

অন্যদিকে আদিবাসী নেতা রাজেশ্বর দেববর্মা প্রথম আলোকে বলেন, হিন্দু ছাড়াও মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেন এই রাজ্যে। তাই বিজেপির মতো হিন্দুত্ববাদীরা ত্রিপুরায় কোনো সুবিধা করতে পারবে না।

বিজেপির এই কর্মসূচিতে কোনো ঝুঁকি নিতে নারাজ ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের এসপি (কন্ট্রোল রুম) উত্তম কুমার ভৌমিক টেলিফোনে প্রথম আলোকে জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।