ত্রিপুরাকে সিপিএমমুক্ত করতে চায় বিজেপি
ভারতকে কমিউনিস্টমুক্ত করার ঘোষণা দিয়েছে বিজেপি। বর্তমানে দক্ষিণ ভারতের কেরালা এবং উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাতেই রয়েছে কমিউনিস্ট শাসন। ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে সদ্য সমাপ্ত বিজেপির কর্মসমিতির বৈঠকে এই দুই রাজ্য থেকে ‘রাজনৈতিক লড়াই’-এর মাধ্যমে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে (সিপিএম) উৎখাত করার ডাক দেওয়া হয়েছে। কেরালায় ভোট দেরি আছে। তবে ত্রিপুরায় সামনেই বিধানসভা ভোট।
বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব দেব আজ বৃহস্পতিবার সকালে আগরতলায় দলের রাজ্য সদর দপ্তরে বসে প্রথম আলোর কাছে দাবি করেন, ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। তাঁদের এই ‘জয়’কে আরও পোক্ত করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা সবাই এখন থেকেই ঘনঘন ত্রিপুরায় আসবেন বলেও জানান তিনি। অমিত শাহ দুদিনের সফরে ত্রিপুরায় আসছেন আগামী ৬ মে। ইতিমধ্যেই বিজেপি সাংসদ, তথা চলচ্চিত্র অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ত্রিপুরায় দলের হয়ে প্রচার শুরু করে দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরায় বিধানসভার ভোট। বর্তমানে রাজ্য বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫১টিই বামেদের দখলে। কংগ্রেস তিন এবং তৃণমূলের ছয়জন বিধায়ক রয়েছেন। বিজেপি কখনো ত্রিপুরায় খাতা খুলতে পারেনি। কিন্তু ‘মোদি হাওয়া’য় ত্রিপুরাতেও ‘ভালো শক্তি’তে পরিণত হয়েছে বিজেপি। বহু কংগ্রেস ও তৃণমূল নেতা ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিজেপিতে। অনেকে পা বাড়িয়ে রয়েছেন।
আত্মবিশ্বাসী বিজেপি রাজ্য সভাপতির দাবি, ৬০টি আসনেই পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফুটছে। আর এই জয়ের জন্য তাঁরা নরেন্দ্র মোদির ইমেজকেই যে পুঁজি করছেন, সেটাও স্বীকার করে নেন বিপ্লব। তিনি বলেন, ‘বিজেপির উত্থানে এখনই হেরে বসে রয়েছে সিপিএম। ১০ মাস আগেই তারা হার স্বীকার করে নিয়েছে। ২০১৮ সালেই বিজেপির সরকার হচ্ছে। ১০০ ভাগ নিশ্চিত।’
তবে বিজেপির এই দাবিকে আমল দিতে নারাজ অন্য দলগুলো। কংগ্রেসের দাবি, সিপিএমকে একমাত্র হারাতে পারে কংগ্রেস। অতীতের উদাহরণ টেনে প্রদেশ কংগ্রেস সহসভাপতি তাপস দে প্রথম আলোর কাছে দাবি করেন, ‘সিপিএমকে আমরাই হারিয়েছি। আমাদের বিকল্প একমাত্র কংগ্রেস।’
তৃণমূল কংগ্রেস আরও একধাপ এগিয়ে। দলের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএমবিরোধিতায় কোনো খাদ নেই। পশ্চিমবঙ্গে আমরাই হারিয়ে দেখিয়েছি। ত্রিপুরাতেও তৃণমূলই হারাবে বামেদের।’
বিরোধীদের নিজেদের মধ্যে লড়াইয়ে বেশ খুশি সিপিএম। ভোট কাটাকুটির অঙ্ক তাঁদের সুবিধা করে দেবেই বলে মনে করেন বর্ষীয়ান রাজনৈতিক বিশ্লেষক সঞ্জীব দেব। কিন্তু সিপিএমের দাবি, উন্নয়নের নিরিখেই তাঁরা জিতবেন। বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর প্রথম আলোর কাছে দাবি করেন, ‘মানুষ আমাদের সঙ্গে আছেন। উন্নয়নের স্বার্থেই তাঁরা বামফ্রন্টকে ভোট দেবেন। সাম্প্রদায়িক শক্তিকে এ রাজ্যের মানুষ মেনে নেবেন না। বিজেপি খাতা খুলতে পারবে কি না, সেটাই এখনো নিশ্চিত নয়।’
ভোট নিয়ে চাপান-উতোর কিন্তু ১০ মাস আগে থেকেই বেশ জমে উঠেছে ত্রিপুরায়।