ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

ভারতের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে মনোমালিন্যের জেরেই সুদীপ রায় বর্মণের মন্ত্রিত্ব হাতছাড়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
টানা ২৫ বছর সিপিএম শাসনের অবসান ঘটিয়ে গত বছর ত্রিপুরায় ক্ষমতায় আসে বিজেপি ও আইপিএফটি জোট। গত বছরের ১০ মার্চ গঠিত হয় নতুন মন্ত্রিসভা। বিপ্লব দেবের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় সাবেক কংগ্রেসিরাই সবচেয়ে বেশি জায়গা দখল করে নেন।
এই মন্ত্রিসভায় স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, পানীয় জল ও নিকাশব্যবস্থা, বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের ভার পেয়েছিলেন সুদীপ রায় বর্মণ। কিন্তু গতকাল শুক্রবার রাতে তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়।
টানা পাঁচ বারের বিধায়ক সুদীপ এর আগে প্রদেশ যুব কংগ্রেস ও কংগ্রেসের সভাপতি ছিলেন। রাজ্যের বিরোধী দলনেতাও ছিলেন। তাঁর হাত ধরেই ত্রিপুরায় তৃণমূলের পুনরুত্থান হয়েছিল বছর তিনেক আগে। আবার তিনি বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূল ত্রিপুরায় সাইনবোর্ডসর্বস্ব হয়ে পড়ে।
সুদীপের বাবা সমীর রঞ্জন বর্মণ ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী। বর্তমানে তিনি কংগ্রেসের সক্রিয় সদস্য। ছেলে বিজেপিতে গেলেও তিনি কখনো হিন্দুত্ববাদী দলটির দিকে পা বাড়াননি।
বিজেপিতে গেলেও সুদীপ বারবার বলেছেন, শুধু ‘স্বৈরাচারী’ সিপিএমকে হারাতেই তিনি দলবদল করেছেন। পরিবর্তনের জন্যই যে তাঁর বিজেপিতে যোগদান, প্রকাশ্যে বারবার সেই কথা বলেছিলেন।
ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের ভার নিয়ে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নকে বাড়তি গুরুত্ব দেন সুদীপ রায় বর্মণ। স্থানীয় গণমাধ্যমে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিতও হন তিনি।
বিজেপি সূত্রে খবর, সুদীপের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। কিন্তু এখনো বিজেপি দল হিসেবে তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।
মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে সুদীপ কোনো মন্তব্য করতে চাননি। এর আগে তিনি বারবার বলেছেন, ‘মন্ত্রিত্ব বা নেতৃত্বের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ রাজ্যের স্বার্থ। রাজ্যবাসীর জন্য কিছু করতে পারাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সুদীপ রায় বর্মণের অপসারণের পর স্বাস্থ্য দপ্তর নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মন্ত্রিসভার এখনই সম্প্রসারণের সম্ভাবনা নেই বলেই বিজেপি সূত্রের খবর।