ত্রিপুরায় আগামীকাল বন্ধ্

পুলিশের গুলিতে সাংবাদিক হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা রাজ্যে বন্ধ্ পালিত হবে। ত্রিপুরায় পৃথকভাবে এই বন্ধ্র ডাক দিয়েছে বিজেপি, কংগ্রেস, তৃণমূলসহ বিভিন্ন রাজনৈতিক দল। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মানিক সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়তে হবে।
ত্রিপুরায় পুলিশের গুলিতে গতকাল সুদীপ দত্ত ভৌমিক (৫০) নামের এক সাংবাদিক নিহত হন। আগরতলার উপকণ্ঠে ত্রিপুরা স্টেটের (টিএসআর) দ্বিতীয় বাহিনীর সদর দপ্তর আর কে নগরে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ওই ব্যাটালিয়নের কমান্ড্যান্ট তপন দেববর্মা ও তাঁর দেহরক্ষী নন্দগোপাল রিয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠলে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে আদালতে পেশ করে। আদালত তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
নিহত সাংবাদিকের লাশের ময়নাতদন্ত করা হয় আজ। পরে শোক মিছিল করে বাড়ি ঘুরে তাঁর লাশ নিয়ে আসা হয় আগরতলা প্রেসক্লাবে। সেখানে দলমত-নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সাংবাদিক, লেখক, কবি, বুদ্ধিজীবীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
এদিকে সাংবাদিক খুনের প্রতিবাদে সোচ্চার হয়েছে ত্রিপুরার সাংবাদিক মহল। আজ মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখান সাংবাদিকেরা। এ সময় পুলিশের দেওয়া ‘প্রেস’ লেখা জ্যাকেট পুড়িয়ে দেওয়া হয়। পরে দুপুরে স্থানীয় বটতলা মহাশ্মশানে সুদীপের শেষকৃত্য সম্পন্ন হয়।
এ পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। দিল্লি যাওয়ার আগে আগরতলায় সাংবাদিকদের তিনি বলেন, ‘এর (সাংবাদিক খুনের) শেষ দেখে ছাড়ব।’
এর আগে ঠিক দুই মাস আগে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ত্রিপুরায় সাংবাদিক শান্তনু ভৌমিক খুন হন। একই দিনে খুন হন অন্য আরেক সাংবাদিকের গাড়ির চালক জীবন দেবনাথ। সংবাদমাধ্যমের ওপর হামলা বাড়তে থাকায় সাংবাদিকেরাও বড় ধরনের আন্দোলনের পথে হাঁটতে চলেছেন।