ত্রিপুরায় খুন, বিজেপি দুষছে সিপিএমকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে রাস্তায় পড়ে থাকা গৌর হরি মলসমের লাশের সুরতহাল। ছবি: প্রথম আলো
চলছে রাস্তায় পড়ে থাকা গৌর হরি মলসমের লাশের সুরতহাল। ছবি: প্রথম আলো

কমিউনিস্ট শাসিত ভারতের ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে অশান্তি বাড়ছে। গতকাল বুধবার গভীর রাতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নাম গৌর হরি মলসম (৪২)।

বিজেপি নেতৃত্বের দাবি, মলসম ছিলেন তাঁদের দলের স্থানীয় বুথ কমিটির নেতা। সিপিএমই তাঁকে খুন করেছে। তবে সিপিএম এই অভিযোগ অস্বীকার করেছে।

ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের কাছে বাগমার আঠারোভোলায় মলসম গুলিবিদ্ধ হয়ে খুন হন। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা রাতের অন্ধকারেই মলসমকে হত্যা করে গা ঢাকা দিয়েছে।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি মাসে। এরই মধ্যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সদলবলে এসে জানিয়ে গিয়েছেন, নির্দিষ্ট সময়েই ভোট হবে। একই সঙ্গে তাঁরা পুলিশ ও প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের নির্দেশ দেন। কিন্তু তাঁদের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই খুনের ঘটনায় চাপে পড়েছে পুলিশ।

সম্প্রতি ত্রিপুরায় দুই সাংবাদিক খুন হন। তারপর চার ব্যাংককর্মী অপহৃত হলেও এখনো পুলিশ তাঁদের হদিস পায়নি। এই অবস্থায় এই হত্যাকাণ্ড রাজ্য সরকারকে চাপে ফেলে দেবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।