ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতে বিনা ভোটেই বিজেপি জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা ভোটে ত্রিপুরার বেশির ভাগ গ্রাম দখল করেও বিজেপির মুখে হাসি নেই। শরিকদের মধ্যে বিবাদ মেটাতে ব্যস্ত সময় যাচ্ছে দলটির। অন্যদিকে, বিরোধীরা রাজ্যে গণতন্ত্র হত্যার প্রতিবাদে সোচ্চার। বিশেষ করে সিপিএম ও কংগ্রেস। সিপিএম ও কংগ্রেস রাজ্যে প্রতিবাদে সরব হয়েছে। পথে নেমেছেন সাবেক মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার।

ত্রিপুরায় দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের অবসানের পর রাজ্যের নির্বাচিত ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত থেকে অনেকেই সরে দাঁড়ান। সিপিএমের জনপ্রতিনিধিরা যোগ দেন বিজেপিতে। ফলে, ত্রিপুরার পঞ্চায়েত আইন মেনে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে।

ত্রিপুরায় ৬ হাজার ১১১ গ্রাম পঞ্চায়েত আসন রয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০৭টিতে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। রাজ্য নির্বাচন কমিশন উপনির্বাচন ঘোষণা দিলে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। সিপিএম ও কংগ্রেস অভিযোগ করে, তাঁদের প্রার্থীদের মনোনয়নে বাধা দিচ্ছে শাসক দল। একই অভিযোগ ওঠে বিজেপির শরিক দল আইপিএফটির পক্ষ থেকেও। অভিযোগ আমলে নেয়নি রাজ্য নির্বাচন কমিশন। বেশির ভাগ কেন্দ্রেই বিনা ভোটেই বিজেপিকে জয়ী বলে ঘোষণা করা হয়। ৩ হাজার ২০৭টি আসনের মধ্যে ৩ হাজার ৭৫টিতেই জয়ী বিজেপি। এখন ভোট হবে মাত্র ১৩২টি আসনে।

পঞ্চায়েত সমিতির উপনির্বাচনে ১৬১টি আসনের মধ্যে মাত্র ৭টি আসনে ভোট হচ্ছে। বাকি ১৫৪টিই বিনা ভোটে জিতে গিয়েছে বিজেপি। জেলা পরিষদের ১৮টি আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো আসনেই বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। ফলে জেলা পরিষদের ভোটই হচ্ছে না।

বিজেপি নেতা তথা রাজ্যের আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, বিরোধীদের কোনো প্রার্থী না থাকাতেই এ হাল হয়েছে। রাজ্যবাসী সিপিএম ও কংগ্রেসকে বর্জন করেছে।

আইপিএফটি নেতা মঙ্গল দেববর্মার অভিযোগ, বিরোধীদের তো বটেই, সরকারের শরিক দলের প্রার্থীদেরও মনোনয়ন দিতে দেওয়া হয়নি। এর নাম কি গণতন্ত্র?

অবশ্য শরিকদের ক্ষোভ কমাতে বিজেপি নেতারা কাজ করছেন। সমন্বয় সমিতি করে বিষয়টি মিটমাট করতে চাইছে তারা।

কংগ্রেসের অভিযোগ, রাজ্যজুড়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি। পঞ্চায়েতের উপনির্বাচনকে প্রহসন বলে মন্তব্য করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি গোপাল রায়।