ত্রিপুরায় জোড়-বিজোড় সংখ্যায় তেল বিক্রির নির্দেশ
রাজধানী দিল্লিতে আম আদমি পার্টির সরকারের দেখানো পথই ভরসা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার শাসক দল সিপিএমেরও। রাজ্যের জ্বালানিসংকট মেটাতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ফর্মুলাই প্রয়োগ করতে চলেছে মানিক সরকারের প্রশাসন। জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে পেট্রল-ডিজেলের ব্যাপক সংকট ত্রিপুরায়। তাই আগামী বৃহস্পতিবার থেকে জোড়-বিজোড় সংখ্যায় তেল বিক্রির নির্দেশনা জারি করতে চলেছে প্রশাসন। অর্থাৎ গাড়ির নম্বরের শেষ সংখ্যার ওপর নির্ভর করবে কোন বারে কোন গাড়ি তেল পাবে।
ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে ও খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা সাংবাদিকদের বলেন, তেলের অভাব মেটাতে তাঁরা জোড়-বিজোড় সংখ্যার ভিত্তিতে জ্বালানি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, এক দিন শুধু যাঁদের গাড়ির শেষ সংখ্যা জোড়, তাঁরাই তেল পাবেন। অন্যদিন ঠিক উল্টোটা প্রযোজ্য হবে। বৃহস্পতিবারই এ বিষয়ে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি হবে।
রাজ্যের এই তেলসংকটের জন্য দুই মন্ত্রীই কেন্দ্র ও আসামের বিজেপি সরকারকেই দায়ী করেছেন। পরিবহনমন্ত্রীর অভিযোগ, আসাম হয়ে আসা রাজ্যের একমাত্র জাতীয় সড়ক বর্ষায় প্রায় অচল হয়ে পড়লেও জরুরি ভিত্তিতে মেরামত বা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই। খাদ্যমন্ত্রীর দাবি, রাজ্যে জ্বালানির তীব্র সংকট দেখা দিলেও খাদ্যসামগ্রী তাঁরা আগাম মজুত রেখেছেন।
তবে মন্ত্রীরা যা-ই বলুন না কেন, বিরোধীরা কিন্তু রাজ্য সরকারকেই এর জন্য দায়ী করছেন। কংগ্রেস নেতা তাপস দে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বর্ষার আগেই আগাম ব্যবস্থা নিলে জনগণকে দুর্ভোগ পোহাতে হতো না। পাশাপাশি বাংলাদেশের মধ্য দিয়ে আপত্কালীন ভিত্তিতে মালামাল আনতে কেন্দ্র ও রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার দাবি জানান তিনি।