ত্রিপুরায় ডাকা অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক তুইপ্রাল্যান্ড রাজ্যের দাবিতে শুরু করা রেল ও সড়ক অবরোধ অবশেষে প্রত্যাহার করে নিল উপজাতি সংগঠন আইপিএফটি (এনসি)। পৃথক রাজ্যের দাবিতে ১০ জুলাই ত্রিপুরায় শুরু হয় রেল ও ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ। বুধবার গভীর রাত থেকে পুলিশি চাপ বেড়ে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে অবরোধ তুলে নেয় সংগঠনটি।
আইপিএফটির নেতা নরেন্দ্র চন্দ্র দেববর্মা প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় সরকার তাঁদের সঙ্গে আলোচনায় বসছে—এটাই তাঁদের বড় জয়। এই জয় তুইপ্রাল্যান্ড রাজ্য গঠনের পক্ষে তাঁদের একধাপ এগিয়ে নিয়ে গেল।
পশ্চিম ত্রিপুরার জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি বলেন, বিনা সংঘর্ষেই অবরোধ উঠেছে। তবে জাতীয় সড়ক ও রেলযোগাযোগ স্বাভাবিক ছন্দে ফিরতে আরও কিছুটা সময় লাগবে।
পুলিশ জানায়, বুধবার রাত থেকে অবরোধস্থলে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। ভোর পাঁচটায় অবরোধ কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।