ত্রিপুরায় ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যে বড় ধরনের ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলের ৬ বিধায়কই বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন। যেকোনো সময় তাঁরা বিজেপিতে যোগ দিতে পারেন। তবে প্রকাশ্যে এখনো তা না বললেও ইঙ্গিত দিতেও কসুর করছেন না।

২৪ বছরের বাম শাসনের অবসান ঘটাতে গত বছর ত্রিপুরা বিধানসভার সেই সময়ের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণের নেতৃত্বে ৬ কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসে আগরতলায় সভা করে সিপিএমকে চ্যালেঞ্জ ছুড়ে যান। কিন্তু তারপর থেকেই ভাটা পড়তে শুরু করে তৃণমূল শিবিরে। একের পর এক নেতা বিজেপিতে যোগ দিতে থাকেন। বিভিন্ন নির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থান দখল করে নেয়। ৬ বিধায়ক বাদে বাকিরাও দল ছাড়তে থাকেন।

এ পরিস্থিতিতে তৃণমূল নেতারাও বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলাপ শুরু করেন। তাঁদের গোপন বৈঠকের কথাও জানাজানি হতে থাকে।

তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের সাম্প্রতিক আগরতলা সফরকালেও দলের ভাঙন নিয়ে প্রশ্ন ওঠে। ভাঙনের বিষয়টি অস্বীকার করলেও তিনি বলেন, ‘রাজনীতিতে অস্পৃশ্যতা বলে কিছু নেই। সংসদীয় গণতন্ত্রে যেকোনো নেতাই অন্য দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন।’

কিন্তু বিষয়টি আলোচনার স্তরে থেমে নেই। তৃণমূল নেতা সুদীপ রায় বর্মণ প্রথম আলোকে বলেন, ‘২০১৮-তে জন সাধারণের প্রত্যাশাকে সম্মান দিয়ে সিপিএমকে হারাতে চাই। গণতান্ত্রিক উপায়ে সিপিএমকে হটাতে যা যা প্রয়োজন, তা-ই করব।’ বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সিপিএমকে হারাতে মুসলিম লিগ করতে হলেও রাজি আছি।’ সিপিএমকেই তিনি প্রধান শত্রু বলে মনে করছেন।

বিজেপির রাজ্য নেতারা প্রথম দিকে এই ৬ বিধায়কের ‘মধ্যমণি’ সুদীপ রায় বর্মণকে নিয়ে আপত্তি করলেও এখন আর কোনো শব্দ করছেন না। বরং সব বিরোধী দলের বিধায়কদের জন্যই ‘দরজা’ খোলা রাখছেন তাঁরা।

৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় ৫১টি আসন বামদের দখলে। তৃণমূলের আসনসংখ্যা ৬। কংগ্রেসের ৩। তবে কংগ্রেসেরও এক বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন বিজেপির দিকে। বিধানসভার সাবেক স্পিকার জিতেন সরকার সিপিএম থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে ফের সিপিএম হয়ে এবার যোগ দেন বিজেপিতে।

ত্রিপুরায় বিধানসভার নির্বাচন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। বিজেপি এবারের নির্বাচন জিততে মরিয়া। এখন থেকেই প্রচারে ঝড় তুলতে শুরু করেছে সংঘ পরিবার। প্রথম আলোর কাছে বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেবের দাবি, ২০১৮-য় পরিবর্তন হচ্ছেই। তবে মানতে নারাজ সিপিএমের রাজ্য সম্পাদকের পাল্টা দাবি, ত্রিপুরা আসাম বা উত্তর প্রদেশ নয়। জাতপাতের রাজনীতির এখানে কোনো স্থান নেই। এখন দেখা কোন দাবি সঠিক। তবে এটা বলা যায়, দাবি আর পাল্টা দাবির হাত ধরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে।