ত্রিপুরায় নতুন বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো নজরে রেখে ত্রিপুরায় চলতি বছরেই চালু হচ্ছে আরও একটি সরকারি বিশ্ববিদ্যালয়। মহারাজা বীর বিক্রমের (এমবিবি) নামে এই বিশ্ববিদ্যালয়ের আচার্য ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় ইতিমধ্যেই উপাচার্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন। 

উপাচার্য বাছাই কমিটির চেয়ারম্যান তথা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তাঁরা তাঁদের দায়িত্ব সম্পন্ন করেছেন। তবে কে উপাচার্য হচ্ছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
৩৮ লাখ মানুষের বাস ত্রিপুরায়। ভারত সরকারের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে রাজ্যটিতে। আগরতলা শহরে দুটি বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও এখানেই রাজ্য-বিশ্ববিদ্যালয় স্থাপন করছে ত্রিপুরা সরকার। শহরের কলেজটিলার মনোরম পরিবেশে এমবিবি কলেজেই এই বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করবে।
রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী আগরতলায় সাংবাদিকদের বলেন, রাজ্য বিধানসভায় বিল পাশের পর রাজ্যপালের সম্মতিক্রমে চালু হচ্ছে এমবিবি বিশ্ববিদ্যালয়। পুরোদমে চেষ্টা চলছে চলতি বছরেই পঠন-পাঠন শুরু করার। তাঁর দাবি, এই বিশ্ববিদ্যালয় চালু হলে রাজ্যের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে।
কিন্তু প্রান্তিক এই রাজ্যে নতুন করে বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে আগরতলা শহরে দুটি বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও তৃতীয়টিও এখানে করা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তর ত্রিপুরা থেকে নির্বাচিত কংগ্রেসের বিধায়ক বিশ্ববন্ধু সেন। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েই যেখানে উপযুক্ত শিক্ষকের ঘাটতি রয়েছে, সেখানে রাজ্য বিশ্ববিদ্যালয় স্থাপনে কতটা লাভ হবে তা নিয়েও।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা প্রথম আলোকে বলেন, শিক্ষক বা ছাত্র-ছাত্রীর কোনো অভাব নেই। সরকার ইচ্ছা করলেই প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিকেও নতুন বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের সঙ্গে যুক্ত করতে পারেন। তিনি বলেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েও বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা এখন পড়তে আসছে।
একই অভিমত উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীরও। মোবাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক আইনে যদি বাধা না থাকে, আমাদের কেন বাধা থাকবে!’
আরেক ধাপ এগিয়ে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর প্রথম আলোকে বলেন, ত্রিপুরায় শিক্ষার পরিকাঠামোগত উন্নতি প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোর জন্যও সহায়ক হয়ে উঠতে পারে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম থেকে সহজেই ছেলেমেয়েরা ত্রিপুরায় পড়তে আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন।