ত্রিপুরায় নির্বাচনী প্রচারে আসছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরায় নরেন্দ্র মোদিকে নিয়ে বিজেপির ভোট প্রচার।
ত্রিপুরায় নরেন্দ্র মোদিকে নিয়ে বিজেপির ভোট প্রচার।

আজ বৃহস্পতিবার ত্রিপুরায় নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ ফেব্রুয়ারি সিপিএম-শাসিত ত্রিপুরায় ৬০ সদস্যের রাজ্য বিধানসভার ভোট। আজ দুটি নির্বাচনী সভায় যোগ দেবেন মোদি।

সীমান্তবর্তী রাজ্যে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। ভারতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ভারপ্রাপ্ত স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা আগেই উড়ে এসেছেন ত্রিপুরায়। আনা হয়েছে তিনটি বুলেটপ্রুফ গাড়ি। সতর্ক করা হয়েছে সীমান্তরক্ষীদের।

কমিউনিস্ট-শাসিত ত্রিপুরা দখলে সর্বশক্তি নিয়োগ করেছে বিজেপি। দলের প্রথম সারির সব নেতাই আসছেন বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যটিতে। তারই অংশ হিসেবে আজ আসছেন খোদ প্রধানমন্ত্রী।

বিজেপির পাঠানো কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টা ১৫ মিনিটে দিল্লি থেকে বিশেষ বিমানে আগরতলা বিমানবন্দরে নামবেন মোদি। সেখান থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন সিপাহিজলার সোনামুড়ায়। বাংলাদেশের কুমিল্লার উল্টো দিকে সীমান্ত শহর সোনামুড়ায় রাঙাপানিয়া স্কুলের মাঠে দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের মৌলভীবাজারের সীমান্তবর্তী ঊনকোটি জেলার কৈলাসহরের আরকেআই মাঠে রয়েছে মোদির দ্বিতীয় নির্বাচনী জনসভা। সোনামুড়া থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন সেখানে। বেলা আড়াইটায় তাঁর সভা।

আজই সভা শেষ করে মোদি উড়ে আসবেন আগরতলা বিমানবন্দরে। সেখান থেকে সন্ধ্যাতেই বিশেষ বিমানে ফিরে যাবেন দিল্লি।

বিজেপি সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি ফের আগরতলায় আসবেন প্রধানমন্ত্রী। সেই সময়ে তাঁর আগরতলায় জনসভা করার কথা।

মোদি ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ গোটা দেশের তারকা নেতারা প্রায় সবাই এবার ত্রিপুরায় আসছেন। সবারই লক্ষ্য নিজেদের দলের প্রার্থীদের জয় নিশ্চিত করা। সিপিএমও নিজেদের দুর্গ রক্ষায় সর্বশক্তি নিয়োগ করেছে।