ত্রিপুরায় নির্বাচনে পারিবারিক লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা সমীর রঞ্জন বর্মণ এবং সুদীপ রায়বর্মণ
বাবা সমীর রঞ্জন বর্মণ এবং সুদীপ রায়বর্মণ

ত্রিপুরার রাজধানী আগরতলায় বিধানসভা ভোটে এক কেন্দ্রে লড়ছেন বাবা ও ছেলে। আরেক কেন্দ্রে লড়ছেন দুই ভাই। বাবা সমীররঞ্জন বর্মণ (৭৯) ও ছেলে সুদীপ রায়বর্মণ (৫০)। আর দুই ভাইয়ের একজন হলেন বাহারুল ইসলাম মজুমদার। অন্যজন মুজিবুল ইসলাম মজুমদার।

বাবা সমীর নির্দল প্রার্থী। ছেলে সুদীপ বিজেপির প্রার্থী। বড়ভাই বাহারুল বিজেপির আর ছোট ভাই মুজিবুল কংগ্রেসের প্রার্থী।

কিশোরগঞ্জের উকিল পরিবারের উত্তরসূরি সমীররঞ্জনের রাজনৈতিক জীবন বর্ণময়। তিনি একসময়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীও ছিলেন। সেই সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি, বিরোধী দলনেতা, বিভিন্ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।

সুদীপও পরিষদীয় রাজনীতির অনেক উচ্চপদে দায়িত্বপালন করেছেন। টানা চারবার বিধায়ক হয়েছেন। প্রদেশ যুব কংগ্রেস ও কংগ্রেসের সভাপতি ছিলেন। বিরোধী দলনেতাও নির্বাচিত হয়েছিলেন। কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এখন বিজেপির রাজ্যস্তরের নেতা তিনি।

সুদীপ প্রথম আলোকে বললেন, ‘বাবা বাবার রাজনীতি করছেন, আমি আমার। তবু বাবাকে অনুরোধ করব বিজেপির উন্নয়নযাত্রার শরিক হতে।’

সিপাহিজলা জেলার সোনামুরা ও বক্সনগর দুটি সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্র। এখানকার বনেদি পরিবারের দুই ভাই বাহারুল ও মুজিবুল। ছোট ভাই রাজনীতি করলেও বড়ভাই বাহারুল কৃষি গবেষক। রাজ্য সরকারের উচ্চপদে চাকরি করতেন।

কুমিল্লার আদি বাসিন্দা এই দুই ভাইয়ের বাবা মনসুর আলি কংগ্রেসের মন্ত্রীও ছিলেন। প্রয়াত মনসুর আলির স্ত্রীও ছিলেন কংগ্রেসের বিধায়ক।

বিজেপির প্রার্থী বাহারুল ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরির বিরুদ্ধে বক্সনগর কেন্দ্রে লড়ছেন। আর তাঁর ভাই কংগ্রেসের টিকিটে সোনামুড়ায় লড়ছেন।

জয় নিয়ে দুই ভাই-ই আশাবাদী। রাজনীতি নিয়েও লড়াইয়ের মাঠে তাঁদের এক সুর। বলছেন, ‘বাড়িতে আমরা ভাইভাই।’