ত্রিপুরায় পৌর নির্বাচন: বিজেপির বিরুদ্ধে মনোনয়নপত্র জমাদানে বাধার অভিযোগ
ভারতের ত্রিপুরার আগরতলা পৌর করপোরেশনসহ ২০টি পৌরসভার ৩৩৪টি ওয়ার্ডে নির্বাচন ২৫ নভেম্বর। গত বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজ্যের ক্ষমতাসীন বিজেপির বাধার মুখে সাতটি পৌরসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। রাজ্যের অন্য বিরোধী দলগুলোও অভিযোগ করেছে, বিজেপির দাপটে তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
৮ নভেম্বর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিরোধীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বিজেপি হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
২০১৯ সালের জুলাইয়ে রাজ্যটিতে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ৯৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। বিরোধী দলগুলো বলছে, এবারও একই রকমের ফল পেতে হুমকি-ধমকসহ নানা ধরনের অনিয়মের পথে হাঁটছে রাজ্য বিজেপি।
ত্রিপুরা রাজ্যের নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, আগরতলা পৌর করপোরেশনসহ ২০টি পৌরসভার ৩৩৪ ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে বিজেপি। প্রধান বিরোধী দল বামফ্রন্ট প্রার্থী দিয়েছে ২২৭ আসনে। এর মধ্যে সিপিএমের ২১৪ প্রার্থী রয়েছেন। তৃণমূল ১২৫টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে। এর মধ্যে আগরতলা পৌর করপোরেশনের ৫১টি ওয়ার্ড রয়েছে। ত্রিপুরায় সাংগঠনিকভাবে দুর্বল থাকা কংগ্রেস ১০১টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে।
সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, ‘আমরা আগরতলাসহ অধিকাংশ পৌরসভায় প্রার্থী দিতে পেরেছি। তবে বিজেপির সন্ত্রাসের কারণে রাজ্যের চার মন্ত্রীর বিধানসভা এলাকার পাঁচটি পৌর পরিষদ ও দুটি নগর পঞ্চায়েতে কোনো প্রার্থী দিতে পারিনি। প্রাণনাশ ও সম্পত্তি বিনষ্টের হুমকির কারণে আমরা সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার ঝুঁকি নিতে পারিনি।’
বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন তৃণমূলের ত্রিপুরা রাজ্য স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, তৃণমূলের সাবেক রাজ্য সভাপতি আশিস লাল সিং ও রাজ্য কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিংহ।
সুবল ভৌমিক বলেন, বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারেন, সে জন্য খোয়াই, উদয়পুর, বিলোনিয়া ও সাব্রুমে রিটার্নিং অফিসারের দপ্তর ঘেরাও করে রেখেছিল বিজেপি।
রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র সুব্রত চক্রবর্তী অবশ্য বিরোধীদের এসব অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, প্রার্থী খুঁজে না পেয়ে এখন সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। সন্ত্রাসই যদি হয়, তবে বাকি দুই-তৃতীয়াংশ আসনে কীভাবে তারা প্রার্থী দিল?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে বিপুল জয়ের পর ত্রিপুরা দখলের উদ্দেশ্যে মাঠে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ডিসেম্বরে সাংগঠনিক সফরে ত্রিপুরায় যাবেন তিনি। ত্রিপুরায় তৃণমূলকে শক্তিশালী করতে দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ অন্য নেতারা ইতিমধ্যে রাজ্যটি সফর করেছেন।