ত্রিপুরায় বাঙালিদের ১৬ বাড়িতে আগুন দিয়েছে শরণার্থীরা
মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক ও গণপিটুনি দেওয়াকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে স্থানীয় বাঙালিদের সঙ্গে কাঞ্চনপুর শিবিরের শরণার্থীদের কয়েক দফা পাল্টাপাল্টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
ভারতের মিজোরাম থেকে ২০ বছর আগে ত্রিপুরায় আসা রিয়াং শরণার্থীরা বাঙালিদের ১৬টি বাড়িতে আগুন দিয়েছে। আক্রমণ করেছে পুলিশের ওপর। এতে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মাছ চুরির দায়ে রিয়াং শরণার্থীদের এক যুবককে আটক করা এবং পরে তাঁর আত্মহত্যা করা নিয়ে এই উত্তেজনার সূত্রপাত।
উত্তর ত্রিপুরার পুলিশের কর্মকর্তারা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দিন সাতেক আগে শরণার্থী যুবক ভৃগুরাম রিয়াং স্থানীয় বাঙালিদের পুকুরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েন। তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করালে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু গত রোববার ভৃগুরাম আত্মহত্যা করতেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। রিয়াং শরণার্থীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা করে এবং তাদের ১৬টি বাড়িতে আগুন ধরিয়ে দেন।
মিজোরামের রিয়াং শরণার্থীরা অভিযোগ করেছেন, তাঁদের সম্প্রদায়ের ভৃগুরাম রিয়াংকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে, এমন শঙ্কায় এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। আগরতলা পুলিশ সদর দপ্তর থেকে পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর নজরদারি চালানো হচ্ছে৷ করা হয়েছে শান্তি বৈঠক। পুলিশের কর্মকর্তারা বলছেন, গোটা এলাকা এখনো থমথমে থাকলেও পরিস্থিতি গতকাল সোমবার সকাল থেকে নিয়ন্ত্রণে রয়েছে। প্রচুর পুলিশ ও আধা সামরিক বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।
মিজোরামে সংখ্যাগুরু মিজো বা লুসাই উপজাতিদের সঙ্গে ব্রু বা রিয়াংদের সংঘর্ষের কারণেই ১৯৯৬ সালের অক্টোবর থেকে প্রায় ৩৪ হাজার রিয়াং শরণার্থী কাঞ্চনপুরে ছয়টি শিবিরে বাস করছেন। অনেক আলাপ-আলোচনাতেও তাঁদের মিজোরামে ফেরত পাঠাতে ব্যর্থ হয় সরকার। এই শরণার্থীদের কারণে তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন।