ত্রিপুরায় বিতর্কে শারদোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ের টুইট বার্তাকে ঘিরে বিতর্ক তুঙ্গে। সম্প্রতি তিনি টুইট করেন, ‘দুর্গাপূজাকে secularise (ধর্মনিরপেক্ষ) করার প্রাণপণ চেষ্টা হচ্ছে | দুর্গাপূজা না বলে চালু হয়েছে “শারদোৎসব”! এ রকম কিছু হয় না, দুর্গাপূজা বলুন|’

পরে ফের আরেকটি টুইট করেন, ‘আপনি কি গ্রীষ্মোৎসব করেন? অথবা শীতোৎসব? তাহলে হঠাৎ শারদোৎসব কেন? সর্বজনীন চাইলে দুর্গোৎসব বলুন।’

কমিউনিস্ট-শাসিত ত্রিপুরায় সাংবিধানিক সর্বোচ্চ পদে বসে বিজেপি সরকারের প্রতিনিধির এমন টুইটকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই এর মধ্যে হিন্দু সাম্প্রদায়িকতার গন্ধও পাচ্ছেন। তবে প্রথম আলোর তরফে সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি শুধু বলেন, ‘আমাদের ভারতবর্ষ সেক্যুলার দেশ। সেক্যুলারিজম বাড়লে তো কোনো রাজ্যপালেরই অসুবিধা থাকার কথা নয়। এর বেশি এখন কোনো মন্তব্য নয়।’

সিপিএমের এই ‘উপেক্ষা’য় কংগ্রেস কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। প্রদেশ কংগ্রেস সহসভাপতি তাপস দে প্রথম আলোকে বলেন, ‘বর্তমান রাজ্যপাল রাজভবন থেকে যত তাড়াতাড়ি বিদায় নেন ততই মঙ্গল। রাজভবনের সম্মান বাঁচবে। কারণ, এই সম্মানজনক পদটি আরএসএস করার জন্য নয়।’

রাজ্যপালের সাম্প্রতিক বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয় রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র অরুণ কান্তি ভৌমিককে। তিনি বলেন, ‘ভারতবর্ষে প্রতিটি মানুষেরই মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। রাজ্যপালও তাঁর নিজস্ব মতামত প্রকাশ করতেই পারেন।’

বুদ্ধিজীবীরাও রাজ্যপালের মন্তব্যে বিস্মিত। বিশিষ্ট নাগরিক সলিল দেববর্মা বলেন, ‘শরৎ কালে দুর্গাপূজাকে কেন্দ্র করে এই উৎসব। তাই আমরা শারদোৎসব বলি। উনি কী বলেন, তা আমি বুঝি না।’

কবি আকবর আহমেদের মতে, ‘শারদোৎসব হলো সব মানুষের উৎসব, শুধু হিন্দুদের নয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে সবার সব উৎসবই ত্রিপুরায় শারদোৎসব।’ বাচিকশিল্পী উত্তম চক্রবর্তীরও সাফ কথা, ‘দুর্গোৎসব কেউ বলতেই পারেন। আমার কাছে শারদোৎসব। আমি শারদোৎসবই বলব।’