ত্রিপুরায় বিপ্লব দেবের বিকল্প মুখ খুঁজছে তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মমতার দল এখন ত্রিপুরায় ভোটে জেতার লক্ষ্য নিয়েছে

ভারতে ভোটকুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরের (পিকে) পরামর্শে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। এবার তারা নজর দিয়েছে ত্রিপুরার দিকে। তবে পিকের সমীক্ষা সংস্থা আইপ্যাক বলছে, ত্রিপুরার সাধারণ মানুষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা থাকলেও সেখানে এখনো বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিকল্প তৈরি হয়নি। এ জন্য তৃণমূলকে আরও খাটতে হবে।

আইপ্যাকের সমীক্ষক দল এখন ত্রিপুরায় ২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে সমীক্ষা চালাচ্ছে। বিজেপি নেতা বিপ্লব দেবের বিকল্প মুখ খুঁজতে শুরু করেছে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস।

বিপ্লব দেবের বিকল্প মুখ হিসেবে তুলে ধরার জন্য প্রশান্ত কিশোরের টিমের কাছে দুটি নাম চলে এসেছে। তাঁরা হলেন সুবল ভৌমিক ও সুদীপ রায় বর্মণ। গতকাল ত্রিপুরায় গিয়েছিলেন তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সামনেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে দলে ভেড়ানো হয়েছে সুবল ভৌমিককে। সাংগঠনিক দিক থেকে এই সুবল ভৌমিক যথেষ্ট দক্ষ। অন্য যে নামটি উঠে এসেছে, তিনি হলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। সুদীপ রায় বর্মণ কংগ্রেস ছেড়ে প্রথমে তৃণমূলেই এসিছেলেন। এরপর তিনি যান বিজেপিতে। আবার তাঁকে ফিরিয়ে আনা হলো তৃণমূলে। তবে তৃণমূলের একাংশ এখনো সুদীপ রায় বর্মণকে মেনে নিতে পারছে না। পিকের টিমও মনে করছে, সুদীপকে দিয়ে সুফল পাওয়া না–ও যেতে পারে। সে কারণে তারা টার্গেট করেছে সুবল ভৌমিককে।

ত্রিপুরা রাজ্য বিধানসভায় ৬০টি আসন রয়েছে। এ রাজ্যে রয়েছে ৮টি জেলা। এসব জেলায় শুরু হয়েছে সমীক্ষার কাজ। ইতিমধ্যে ৬ রাউন্ড সমীক্ষা শেষে আইপ্যাক বলেছে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিকল্প এখনো তৈরি হয়নি। তবে বিজেপির বিকল্প হিসেবে ত্রিপুরাবাসী বামফ্রন্টকেও পছন্দ করছেন না। এই ত্রিপুরা একসময় ছিল কংগ্রেসের। এরপর ঘাঁটি হয় বামফ্রন্টের। এই বামফ্রন্টই বর্তমান বিজেপি সরকারের আগে একটানা ২০ বছর শাসন করেছে। মুখ্যমন্ত্রী ছিলেন সিপিএম নেতা মানিক সরকার। ২০১৮ সালে বামফ্রন্টকে হারিয়ে ত্রিপুরার শাসনক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিপ্লব কুমার দেব।

নতুন আশা নিয়ে গতকাল ত্রিপুরায় যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূলকে চাঙা করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ত্রিপুরায় বিজেপির দিন শেষ হয়ে আসছে। আগামী ২০২৩ সালে ত্রিপুরায় ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। মানুষ এবার পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। সামনে ত্রিপুরায়ও প্রত্যাখ্যান করবে। আর ২০২৪ সালে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচনেও হারিয়ে দেবে বিজেপিকে।