ত্রিপুরায় ভারী বৃষ্টি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলাসহ আশপাশের এলাকায় কাল শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বৃষ্টি হতে পারে ত্রিপুরার সীমান্তবর্তী বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের বিভিন্ন এলাকায়। ভারতীয় আবহাওয়া দপ্তর এ খবর জানিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা শাখা জানায়, চলতি বর্ষা মৌসুমে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছ। বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত মিজোরাম, বাংলাদেশ ও ত্রিপুরায় কাল ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি করেছে। তিন জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদেরা অনুমান করছেন।

আগরতলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ দিলীপ সাহা বলেন, গত বছর বর্ষা মৌসুমে সিকিম বাদে অন্যান্য রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি ছিল। এবার সেই ঘাটতি পূরণ করে উদ্বৃত্ত বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে।

দিলীপ বলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে এ অঞ্চল থেকে বিদায় নেবে বর্ষা। চলতি বর্ষায় আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতে ঘাটতি ছিল ১১ থেকে ১২ শতাংশ। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুরে ২৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর জানায়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামে প্রতিবছর বর্ষায় গড় বৃষ্টির পরিমাণ ১৪৭২ দশমিক ৭ মিলিমিটার। এবার এখন পর্যন্ত সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ১৮২৫ দশমিক ৮ মিলিমিটার।

অন্যদিকে ত্রিপুরায় চলতি মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ ১৯৬৩ দশমিক ৮ মিলিমিটার। গড় বৃষ্টিপাতের থেকে এটি ৩৪ শতাংশ বেশি। ২০০৭ সালের পর এত বৃষ্টি আর হয়নি। ফের ভারী বৃষ্টিপাত হলে আরও ক্ষতির আশঙ্কাও থাকছে।