ত্রিপুরায় মুক্তিযুদ্ধের সময়ের ১২৭ গ্রেনেড উদ্ধার!
ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর থেকে ১২৭টি পুরোনো গ্রেনেড উদ্ধার হয়েছে। গ্রেনেডগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনার হেফাজতে ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। বোমা বিশেষজ্ঞরা গ্রেনেডগুলো পরীক্ষা করে দেখছেন।
স্থানীয় বাসিন্দা পিন্টুলাল দে মোবাইলে প্রথম আলোকে জানান, গৌরনগর কেন্দ্রীয় বিদ্যালয়ের মাঠে রোববার বিকেলে খেলতে গিয়ে কয়েকজন মাঠের পাশে পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু কৌটা-জাতীয় জিনিস পড়ে থাকতে দেখে। তাদের সন্দেহ হওয়ায় এলাকার বয়স্ক ব্যক্তিদের খবর দেয় তারা। বড়রা এসে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। আজ সোমবার সকালে পুলিশের বোমা স্কোয়াড গিয়ে এলাকায় তল্লাশি শুরু করে।
ঊনকোটি জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং মোবাইলে জানিয়েছেন, মোট ১২৭টি গ্রেনেড উদ্ধার হয়েছে। সব কটিই বেশ পুরোনো। মাটির তলায় আরও গ্রেনেড আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গ্রেনেডগুলো বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময়ের।
স্থানীয় বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা মোবাইলে প্রথম আলোকে জানান, গ্রেনেড উদ্ধারের জায়গাতেই মুক্তিযুদ্ধের সময় সেনাছাউনি ছিল। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামীরাও গৌড়নগরের ওই জায়গায় প্রশিক্ষণ নিতেন। তাঁর ধারণা, সেনা জওয়ানেরা চলে যাওয়ার সময় ভুল করে ফেলে যান গ্রেনেডগুলো।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় শুধু শরণার্থীরাই নয়, বেশ কিছু মুক্তিযোদ্ধাও প্রশিক্ষণ নেন। মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ বিকচ চৌধুরী জানিয়েছেন, ত্রিপুরায় মুক্তিযোদ্ধাদের ছয় থেকে সাতটি ক্যাম্প ছিল। এই গ্রেনেড সেই ক্যাম্পের হতে পারে বলে তাঁর অনুমান।