ত্রিপুরায় লাভ হলো বিজেপিরই
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ত্রিপুরায় আখেরে লাভ হলো বিজেপিরই। খুব শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের হাত ধরেই কমিউনিস্ট-শাসিত ত্রিপুরা বিধানসভাতেও ঘাসফুলের (তৃণমূলের নির্বাচনী প্রতীক) বদলে ফুটতে চলেছে পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক)।
সিপিএম-সমর্থিত বিরোধীদের প্রার্থী মীরা কুমারকে ভোট দেবে না ত্রিপুরার তৃণমূল কংগ্রেস। বহু আগেই এ ঘোষণা দিয়েছিলেন ত্রিপুরার তৃণমূল নেতারা। গতকাল সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের দিন সেটা তাঁরা করেও দেখালেন। তৃণমূল হাইকমান্ড অবশ্য ভোটের বহু আগেই এই ছয় বিধায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
সোমবার ভোটদানের পর প্রথম আলোকে দলছুট তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, ‘সিপিএম-সমর্থিত কংগ্রেস প্রার্থী মীরা কুমারকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। ঘোষণা মতোই আমরা বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকেই ভোট দিয়েছি।’
তৃণমূলের ছয় বিধায়কই এদিন আরও স্পষ্ট করে দিলেন যে তাঁদের বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। সুদীপ বলেন, ‘রাজ্যবাসীর প্রত্যাশাকে মর্যাদা দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েই সিপিএমকে গণতান্ত্রিক উপায়ে পরাস্ত করব।