ত্রিপুরায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফসপা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন আফসপা (এএফএসপিএ) তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। গত বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মানিক সরকার এ তথ্য জানিয়েছেন। খবর পিটিআইয়ের।
জঙ্গি তৎপরতা মোকাবিলায় ১৯৯৭ সালে ত্রিপুরায় বিতর্কিত এই আইন জারি করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় রাজ্যটিতে জঙ্গি তৎপরতা প্রায় নেই বললেই চলে।
মুখ্যমন্ত্রী মানিক সরকার একই সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে রাজ্যে এই আইনের প্রয়োজনীয়তা নেই। আমরা গোলযোগপূর্ণ এলাকায় প্রতি ছয় মাস পরপর পরিস্থিতি মূল্যায়ন করছি। এ বিষয়ে রাজ্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও আলোচনা হয়েছে। তারাও অভিমত দিয়েছে, এখন রাজ্যের পরিস্থিতি অনেক ভালো এবং ওই আইনের আর কোনো প্রয়োজনীয়তা নেই।’
সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস নেতা পি চিদাম্বরম গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে শুভবুদ্ধি ও মানবতার জয় হয়েছে।
আফসপা আইনের বলে ভারতের সেনাবাহিনী সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালাতে পারে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের গুলি করা বা পরোয়ানা ছাড়াই যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার ও বিনা বিচারে আটক করে রাখার ক্ষমতাও তাদের দেওয়া হয়েছে এ আইনে।
ভারতের সেনাবাহিনী ‘গোলযোগপূর্ণ এলাকায়’ এই আইনের অপব্যবহার করেছে বলে অভিযোগ আছে।