ত্রিপুরায় ৪ ব্যাংককর্মী অপহৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজ শেষে বাড়ি ফেরার সময় অপহৃত হয়েছেন ব্যবস্থাপকসহ চার কর্মী। তাঁদের জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। ভারতের ত্রিপুরা রাজ্যে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটলেও পুলিশ আজ শনিবার বিষয়টি জানতে পারে।
পশ্চিম ত্রিপুরার জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি সকালে সাংবাদিকদের জানান, গতকাল কাজ শেষ করে একটি ছোট গাড়িতে আগরতলায় ফিরছিলেন অপহৃত চারজন। এই চারজনই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তৈদু ব্রাঞ্চে কর্মরত। রাত আটটা নাগাদ রাস্তা থেকেই তাঁদের গাড়িসহ অপহরণ করা হয় বলে সপ্তর্ষির অনুমান।
অপহৃত চারজন হলেন ব্যাংকটির ব্যবস্থাপক তন্ময় ভট্টাচার্য, সুজিত দে, রক্তিম ভট্টাচার্য ও সুশান্ত দেববর্মা।
পুলিশ সুপার জানান, আজ সকালে পরিচয় গোপন রেখে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহৃত ব্যাংককর্মীদের পরিবারের কাছে ফোন করে এ টাকা দাবি করা হয়।