ত্রিপুরায় 'অনির্দিষ্টকালের' রেল ও সড়ক অবরোধ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক তুইপ্রাল্যান্ডের দাবিতে গতকাল ত্রিপুরার বড়মুরা হিলরেঞ্জে রেল অবরোধ l এএফপি
পৃথক তুইপ্রাল্যান্ডের দাবিতে গতকাল ত্রিপুরার বড়মুরা হিলরেঞ্জে রেল অবরোধ l এএফপি

পৃথক রাজ্যের দাবিতে এবার গতকাল সোমবার থেকে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে ‘অনির্দিষ্টকালের’ রেল ও জাতীয় সড়ক অবরোধ। ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব তুইপ্রাল্যান্ড (আইপিএফটি) এনসি দেববর্মা গোষ্ঠী এই অবরোধের ডাক দিয়েছে।

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের গোর্খাল্যান্ডের দাবির মতো তাঁদের দাবি স্বাধীন তুইপ্রাল্যান্ড। তবে স্থানীয় অন্য রাজনৈতিক দলগুলো এই দাবির বিরোধিতা করছে।

ত্রিপুরার উপজাতিদের উন্নয়নের কথা বলে অবরোধ কর্মসূচি ঘোষণা করে আইপিএফটির এনসি দেববর্মা গোষ্ঠী। রাজ্যের ‘জীবন রেখা’ বলে পরিচিত জাতীয় সড়ক ও রেলপথ এ অবরোধের লক্ষ্য।

রাজধানী আগরতলার অদূরে খামতিংবাড়ি ও সাধুপাড়ায় কয়েক হাজার পিকেটার এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন গতকাল। তবে রেলকর্তারা আগে থেকেই ত্রিপুরায় ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে এই অবরোধ কর্মসূচিতে অনেকেই মণিপুরের ছায়া দেখছেন। কারণ, মণিপুরে ভোটের আগে কংগ্রেস সরকারকে বিপাকে ফেলতে একইভাবে সাড়ে চার মাস অবরোধ করেছিল ইউনাইটেড নাগা কাউন্সিল।

ত্রিপুরার শাসক দল সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের কাছে সরাসরি অভিযোগ করেছেন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর থেকে ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট সরকারকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি রাজ্যভাগের দাবি ও সেই দাবির সমর্থনে অবরোধ কর্মসূচিকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন।

অবরোধ কর্মসূচির বিরোধিতা করেছে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিত সিনহা প্রথম আলোকে বলেন, রাজ্যভাগ কিছুতেই তাঁরা মানবেন না। কড়া হাতে রাজ্যকে অবরোধমুক্ত করার দাবি তোলেন তিনি।

বিজেপির বিরুদ্ধে গোপনে মদদ দেওয়ার অভিযোগ উঠলেও দলের মুখপাত্র অরুণকান্তি ভৌমিক প্রথম আলোকে বলেন, তাঁরা তুইপ্রাল্যান্ডের দাবির বিরোধী। অবরোধের রাজনীতিও সমর্থন করেন না।

ভারতের অন্যতম প্রান্তিক রাজ্য ত্রিপুরার সঙ্গে গোটা দেশের সড়ক ও রেলযোগাযোগ-ব্যবস্থা অচল হয়ে পড়ায় ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে। বর্ষায় এমনিতেই প্রতিবছর পাহাড়ি রাজ্যটিতে যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ে। এবার এই অনির্দিষ্টকালের অবরোধ ব্যবসায়ীদের চিন্তা বাড়াচ্ছে।

ত্রিপুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এল দেবনাথ ফোনে প্রথম আলোকে বলেন, অবরোধ বেশি দিন চললেই বিপদ। নিত্যপ্রয়োজনীয় জিনিসে টান পড়বে।

তবে অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল এনসি দেববর্মা। গতকাল সকালে খামতিংবাড়িতে প্রথম আলোকে তিনি বলেন, পৃথক রাজ্যের দাবিতে অহিংস পথেই তাঁরা আন্দোলন চালাবেন।

এদিকে ত্রিপুরার উপজাতীয় গোষ্ঠীর এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়। অবরোধকারীদের ঘিরে রাখেন পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তবে অন্তত বিকেল পর্যন্ত কোনো সংঘাতের খবর নেই।