থাকবেন কারাগারে, খাবেন বাড়ির খাবার

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে ১৭ অক্টোবর পর্যন্ত দিল্লির তিহার জেলে থাকতে হবে। দিল্লির বিশেষ একটি আদালত আজ বৃহস্পতিবার এই রায় দেন। তবে কারাগারে থাকলেও তাঁকে বাড়ি থেকে আনা খাবার খাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চিদাম্বরমের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। স্বাস্থ্যগত সমস্যার কারণে আদালতের কাছে বাড়ি থেকে আনা খাবার খেতে দেওয়ার অনুমতি চেয়ে রেখেছিলেন চিদাম্বরম। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনও (সিবিআই) এই সিদ্ধান্তে কোনো আপত্তি জানায়নি। গত আগস্ট মাসে সিবিআইয়ের কর্মকর্তারাই নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছিলেন চিদাম্বরমকে।
৭৪ বছর বয়সী চিদাম্বরমের স্বাস্থ্যের কথা বিবেচনা করে হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। আদালত সেটিতেও সম্মতি দিয়েছেন।
সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর থেকে দিল্লির তিহার জেলে আছেন চিদাম্বরম। গত সোমবার দিল্লির উচ্চ আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত বলেন, জামিনে ছাড়া পেলে চিদাম্বরম সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।
২০০৭ সালে অর্থমন্ত্রী থাকার সময় অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত ২১ আগস্ট কংগ্রেস নেতা চিদাম্বরমকে গ্রেপ্তার করা হয়। চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ, তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় ও ছেলে কার্তির উদ্যোগে আইএনএক্স মিডিয়া ৩০৫ কোটি রুপি বিদেশি বিনিয়োগ আদায় করে। সেই অর্থ আদায়ের ‘উপহার’ হিসেবে কার্তি পাঁচ কোটি রুপি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযোগ, অর্থমন্ত্রী থাকাকালে এভাবে বহু অর্থ আদায় করেছেন চিদাম্বরম।